২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নৌযান শ্রমিক হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে চার নৌ যান শ্রমিক হত্যা মামলায় দুজনকে মৃত্যদণ্ড দিয়েছে আদালত। অপর একজনকে যাবজ্জীবন এবং আরেকজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 03:46 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে চার নৌ যান শ্রমিক হত্যা মামলায় দুজনকে মৃত্যদণ্ড দিয়েছে আদালত। অপর একজনকে যাবজ্জীবন এবং আরেকজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জাকির হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় একজন ছাড়া দণ্ডিত বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ইলিয়াস ও লিটন খান। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি হলেন- হৃদয় আহম্মেদ ওরফে কাইয়ুম। তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ডাকাতিকৃত মালামাল ক্রয়ের অভিযোগে আসামি নুরুল ইসলামকে ১০ বছরের কারাদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের সশ্রম সাজা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে পলাতক। বেকসুর খালাস পেয়েছেন- আইয়ুব হোসেন ওরফে বাবুল, মুকুল, আজিম, মুন্না, রেজাউল হোসেন, কালু ওরফে লাকুরিয়া, লুৎফর রহমান শাওন। ২০০৫ সালের ১৭ মার্চ বালুবাহী ট্রলার সাগর সুলতানে করে সুকানী শামীম শিকদার, মিস্ত্রী রিপন, লস্কর কবীর ও লস্কর কবীরের এক আত্মীয় নারায়ণগঞ্জ শহরের ৫নম্বর ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে বালু আনার জন্য মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। সেখানে যাওয়ার পথে শহরের সৈয়দপুরে পূবালী সল্ট ইন্ড্রাস্ট্রিজ সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে ডাকাতরা ট্রলারটি ছিনতাই করে। তারা ট্রলার মিস্ত্রী রিপন, সুকানী শামীমকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। পরে তারা ট্রলারটি বিক্রি করে দেয়। পরদিন চার নৌশ্রমিকের লাশ পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিনের প্রচার সম্পাদক সবুজ শিকদার বাদী হয়ে নারায়ণগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। কেরানীগঞ্জ থানার জাজিরা এলাকায় ছিনতাই হওয়া ট্রলারটি কাটার সময় নুরুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অপর আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় হত্যাকান্ডের লোমহর্ষক বর্ণনা দেন। জবানবন্দিতে এ হত্যাকান্ডের ঘটনা ছাড়াও বিভিন্ন সময় সংঘটিত অর্ধশত নৌ ডাকাতি ও নৃশংস হত্যার ঘটনার কথা স্বীকার করে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৪ ঘ.