২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য ও সন্ত্রাস মোকাবেলায় ব্রিটেনের সহযোগিতা চাইলেন হাসিনা

দারিদ্র্য বিমোচন, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে যুক্তরাজ্যের কাছ থেকে বৃহত্তর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স শনিবার সকালে সুধা সদনে হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতার আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2009, 03:43 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দারিদ্র্য বিমোচন, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে যুক্তরাজ্যের কাছ থেকে বৃহত্তর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স শনিবার সকালে সুধা সদনে হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতার আহ্বান জানান। এ সময় স্টিফেন ইভান্স প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের পক্ষ থেকে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ পরে সাংবাদিকদের বলেন, বাংলাদেশে বিনিয়োগ করতে যুক্তরাজ্যের ইচ্ছের কথা জানিয়েছেন স্টিফেন ইভান্স। প্রধানমন্ত্রীও দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে বলে তাকে আশ্বাস দিয়েছেন। প্রায় ঘন্টাব্যাপী বৈঠকে যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক জোরদার, দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং বাংলাদেশের জ্বালানি খাত উন্নয়নসহ দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সন্ত্রাস দমনে সম্মিলিত প্রয়াসের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাস দমন অপরিহার্য।" এ প্রসঙ্গে তিনি সন্ত্রাস দমনের জন্য দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠনের বিষয়টি উল্লেখ করে এ ব্যাপারেও ব্রিটেনের সহযোগিতা চান। শেখ হাসিনা গাজায় নিরপরাধ মানুষ হত্যা বন্ধ করার জন্য ব্রিটেনসহ সকল দেশের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এ ছাড়া ব্রিটেনে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের সমস্যা দূর করতে এবং জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় ব্রিটিশ সরকারের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী । ব্রিটিশ হাইকমিশনার সাংবাদিকদের বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্য সন্তুষ্ট। বাংলাদেশের সার্বিক উন্নয়নে ব্রিটেনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। স্টিফেন ইভান্স আরো বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাজ্য। টেকসই উন্নয়ন এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের মাধ্যমে ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠায় তার সরকার সহযোগিতা দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসকে/২১৪৩ ঘ.