২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর 'ঘুষের অর্থ' উদ্ধারে যুক্তরাষ্ট্র কাজ শুরু করেছে

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে সিঙ্গাপুরের একটি ব্যাংকে থাকা অর্থ উদ্ধারে তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ওয়াশিংটন, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে সিঙ্গাপুরের একটি ব্যাংকে থাকা অর্থ উদ্ধারে তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার মার্কিন বিচার দপ্তরের ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাথু ু ফ্রাইডরিক এক বিবৃতিতে এ কথা জানান। কাজ পাইয়ে দেওয়ার জন্য আরাফাত রহমান কোকো টেলিকম জায়ান্ট সিমেন্স ও চায়না হার্বার ইঞ্জিনিয়ারিং কোম্পানির কাছ থেকে ওই অর্থ নিয়েছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ম্যাথু ফ্রাইডরিক বলেন, "মুদ্রা পাচার ও ঘুষ লেনদেনের মতো অপরাধ দমনে যুক্তরাষ্ট্র সরকার কতোটা আন্তরিক এটি তারই প্রমাণ।" শুধু ব্যক্তি নয়, যেকোন সংস্থা বা প্রতিষ্ঠান এরকম অপরাধের সঙ্গে জড়িত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জমাকৃত অর্থের বেশিরভাগ চায়না হার্বার ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসেছে বলেও এতে উল্লেখ করা হয়। চায়না হার্বার ২০০৫ সালে চট্টগ্রামে কনটেইনার টার্মিনাল নির্মাণের কাজ পেয়েছিল। ফরেন করাপ্ট প্র্যাকটিস অ্যাক্ট (এফসিপিএ) লঙ্ঘনের দায়ে গত বছরের ১৫ ডিসেম্বর জার্মানভিত্তিক মোবাইল ফোন কোম্পানি সিমেন্স এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আরও তিনটি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বিশেষকরে সিমেন্স বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে- প্রতিষ্ঠানটি ২০০১ সালের মে মাস থেকে ২০০৬ সালের আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে কাজ পাওয়ার জন্য বিভিন্ন পর্যায়ে ৫৩ লাখ ১৯ হাজার ৮৩৯ ডলার খরচ করে। এরমধ্যে অন্তত একটি লেনদেন হয় যুক্তরাষ্ট্রের একটি ব্যাংক হিসাব থেকে। মন্ত্রণালয়ের অভিযোগে বলা হয়, সিমেন্স ও চায়না হার্বার ঘুষের অর্থ ডলার হিসেবে পরিশোধ করার পর তা যুক্তরাষ্ট্রের ব্যাংকের মাধ্যমে পাচার করা হয়। পরে সিঙ্গাপুরের একটি ব্যাংকের একটি হিসাবে তা জমা করা হয়- যা আইনের লঙ্ঘন। একই ঘটনার সূত্রে গত ১৮ ডিসেম্বর আরাফাত রহমান কোকোর নামে সিঙ্গাপুরে গচ্ছিত প্রায় সাড়ে ১১ কোটি টাকা সমমানের অর্থের সন্ধান এবং তা জব্দ করার কথা জানায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক জানায়, জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন এর (ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট করাপশন) আওতায় মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স রিকোয়েস্ট এর মাধ্যমে সিঙ্গাপুর সরকারের সহায়তায় ওই অর্থের সন্ধান পাওয়া যায়। কমিশন সেসময় এক ব্রিফিংয়ে আরো জানিয়েছিল, আরাফাত রহমান ও তার কয়েকজন সহযোগী সিঙ্গাপুরস্থ একজন এজেন্টের মাধ্যমে ২০০৪ সালের ১০ এপ্রিল জাস নামে একটি কোম্পানি খোলেন। প্রাপ্ত তথ্য মোতাবেক জাস কোম্পানির সঙ্গে চায়না হার্বার ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ সিঙ্গাপুর ডলার লেনদেন হয়। এসব লেনদেনে আরাফাত রহমানের স্বাক্ষরিত চেক ব্যবহৃত হয়। আরাফাত রহমানের লেনদেনের বিশদ বিবরণ এবং তাদের প্রতিষ্ঠানের সাময়িক জব্দকৃত হিসাবে থাকা প্রায় ২০ লাখ ৬১ হাজার ০৯৩ সিঙ্গাপুরি এবং ২ লাখ ৬১ হাজার ৪৭৭ মার্কিন ডলার বিষয়ে আইনী কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও কমিশন জানিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিডি/এএল/এসকে/২১৩৬ঘ.