মানিকগঞ্জ, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার ধামরাই উপজেলার সিংশ্রী গ্রাম থেকে শুক্রবার বিকেলে অমি ও নাহিদ নামে দুই শিশুকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ধামরাই থানায় একটি অপহরণ মামলা হয়েছে।
শিশু দু'টি হল- উপজেলার সিংশ্রী গ্রামের বদর উদ্দিনের ছেলে অমি (৫) এবং শুকুর আলীর ছেলে নাহিদ (৬)।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী তারিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার আলামিন নামে এক ব্যক্তি পূর্ব পরিচয়ের সূত্রে শুক্রবার ধামরাইয়ের সিংশ্রী গ্রামের সবুর উদ্দিনের বাড়িতে বেড়াতে আসে।
একইদিন বিকেল ৪টার দিকে আলামিন সবুর উদ্দিনের দুই প্রতিবেশীর ছেলে অমি ও নাহিদকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আলামিন কিংবা শিশু দু'টি আর ফিরে আসেনি।
শুক্রবার রাতে ওই শিশু দু'টির আত্মীয় আব্দুল করিম ধামরাই থানায় একটি অপহরণ মামলা করেন।
পুলিশ কর্মকর্তা বলেন, "শিশু দু'টি উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৬ ঘ.
bdnews24