যশোর জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরে সাংবাদিক ফয়সাল ইসলামকে কুপিয়ে আহত করার প্রতিবাদে যশোর প্রেসক্লাবে বিক্ষোভ-সমাবেশ কর্মসুচি পালন করেছেন সাংবাদিকরা।
শুক্রবার সকালে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে সাংবাদিক নেতারা পুলিশের তীব্র সমালোচনা করে বলেন, একজন সাংবাদিককে হত্যা প্রচেষ্টার ৪৮ ঘন্টার মধ্যেও কোন দুস্কৃতকারীকে আটক করেনি পুলিশ। পুলিশের এ ধরনের অবহেলা কোন অবস্থাতেই মানা যায় না।
সভায় আগামী ৪৮ ঘন্টার মধ্যে দুস্কৃতকারীদের আটকের দাবি জানানো হয়।
সাংবাদিক নেতারা হুঁশিয়ার করেন বলেন, বেধে দেওয়া সময়ের মধ্যে প্রশাসন ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এছাড়া নির্বাচন পর্যবেক্ষণকালে সিংহঝুলি ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার বাচ্চু শিকদার অসৌজন্যমুলক আচরণ করায় তার অপসারণ দাবি করেছেন তারা।
বুধবার রাতে গ্রামের কাগজ পত্রিকার মেডিকেল রিপোর্টার ফয়সাল ইসলাম বাড়ি ফেরার সময় শহরতলী সুজলপুরে একদল সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সন্ত্রাসীরা তার ব্যবহৃত মোবাইল সেটও ছিনিয়ে নিয়ে যায়। বর্তমানে তিনি যশোর আড়াইশ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান তোতার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে বক্তব্য রাখেন- যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকির শওকত, লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, কিরণ কুমার কচি, আমিনুর রহমান মামুন, এস এম তৌহিদুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২১ ঘ.
bdnews24