বগুড়া, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গেট না থাকায় বগুড়া শহরের ব্যস্ততম দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম লেভেল ক্রসিংটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
রেলওয়ে এবং সড়ক ও জনপথ বিভাগের টানাপড়েনে গেট নির্মাণ হয়নি।
এ রেল পথে প্রতিদিন দুটি আন্ত:নগরসহ পাঁচটি ট্রেন চলাচল করে থাকে। দ্বিতীয় বাইপাস সড়কটিতে চলাচল করে প্রচুর যানবাহন। ব্যস্ততম হলেও সাবগ্রাম লেভেল ক্রসিংয়ে রেল কর্তৃপক্ষের একটি সতর্কীকরণ সাইনবোর্ড ছাড়া আর কিছুই নেই।
শনিবার সকালে এ লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর তিন ঘণ্টা বগুড়া থেকে শান্তাহার পথে রেল চলাচল বন্ধ ছিল।
গত ১৫ আগস্ট একই স্থানে ট্রেন ও প্রাইভেট কারের সংঘর্ষে দুজন নিহত মারা গিয়েছিলেন।
লেভেল ক্রসিংয়ে গেট না থাকার বিষয়ে রেলওয়ের পশ্চিমাঞ্চলের লালমনিরহাট বিভাগের বিভাগীয় প্রকৌশলী মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাইপাস সড়কটি ব্যস্ততম হওয়ায় সাবগ্রাম ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সাংকেতিক পদ্ধতির বিশেষ ধরনের গেট স্থাপনের জন্য রেল কর্তৃপক্ষ ৮৬ লাখ টাকা বরাদ্দ চেয়ে চলতি বছরের জানুয়ারিতে বগুড়ার সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে চিঠি দেওয়া হয়।"
একইসঙ্গে গেট নির্মাণ না করা পর্যন্ত এ ক্রসিংয়ে যান চলাচল বন্ধ রাখার জন্য সওজকে বলা হয় বলে তিনি জানান।
মাসুদুর রহমান বলেন, "রেল কর্তৃপক্ষ একটি সতর্কীকরণ সাইনবোর্ড লাগিয়েছে। সওজ যান চলাচল যেমন বন্ধ রাখতে পারেনি তেমনি গেট নির্মাণের জন্য কোন টাকাও দিতে পারেনি।"
এ বিষয়ে জানতে চাইলে বগুড়ার সওজ এর উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রেলওয়ের প্রস্তাবটি প্রধান প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়েছে এবং সেটা বিবেচনাধীন রয়েছে।"
তিনি বলেন, "২০০২ সালে বাইপাস সড়কটি নির্মাণ শুরু হলেও তা এখনও আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। নির্মাণ কাজ এখনও বাকি আছে। তাই যানবাহন চলাচল বন্ধ কিংবা চালুর প্রশ্নই আসে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৬ ঘ.
bdnews24