২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবারের সহিংসতার ঘটনায় দুটি মামলা

চিকিৎসাধীন অবস্থায় বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান আঘাত পাওয়ার পর রাজপথে গাড়ি ভাংচুরের ঘটনায় পুলিশ বাদি হয়ে দুটি মামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 09:02 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসাধীন অবস্থায় বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান আঘাত পাওয়ার পর রাজপথে গাড়ি ভাংচুরের ঘটনায় পুলিশ বাদি হয়ে দুটি মামলা করেছে। পুলিশ প্রধান নূর মোহাম্মদ এ তথ্য জানিয়ে বলেছেন, বিশৃঙ্খলা এড়াতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, "জরুরি অবস্থা ভেঙে বিক্ষোভের ঘটনা গুরুত্বপূর্ণ বিষয়। এ ঘটনায় একজন নিরীহ মানুষ মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। ওই ঘটনায় দুটি মামলা হয়েছে।" তারেকের আঘাত পাওয়ার খবরে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ এলাকায় সহিংস বিক্ষোভ হয়। ঢাকা কলেজের সামনে বিক্ষোভকারীদের দেওয়া আগুনে একটি মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক ব্যবসায়ী মারা যান। সম্ভাব্য যে কোনও বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েনসহ রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে আইজিপি জানান। নূর মোহাম্মদ বলেন, "ছোটখাটো ঘটনা নিয়ে যদি কেউ রাস্তায় নামে সে ক্ষেত্রে জরুরি বিধিমালায় মামলা হচ্ছে; গ্রেপ্তারও করা হচ্ছে। এ ক্ষেত্রে পুলিশের কোনও গাফিলতি নেই।" বিএনপির বুধবারের কর্মসূচিতে পুলিশের ভূমিকা কী থাকবে- সাংবাদিকরা জানতে চাইলে আইজিপি বলেন, "অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ নিয়ে নতুন কোনও নিষেধাজ্ঞা জারি করা হবে না। কেউ জরুরি অবস্থা লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" খালেদা জিয়ার মুক্তি দাবিতে বুধবার বিএনপির মানববন্ধন কর্মসূচি রয়েছে। একই দাবিতে এর আগে গত ২১ আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম সাংবাদিকদের বলেন, "এটি ছিল আইন-শৃঙ্খলা সংক্রান্ত নিয়মিত সভা। রমজানে কিভাবে আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটানো যায়, ট্রাফিক ব্যবস্থার উন্নতি করা যায়- এসব বিষয়ে সভায় আলোচনা হয়েছে।" তারেকের চিকিৎসার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন, "ঘটনার পর চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। চিকিৎসকরা কোনও স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" স্বরাষ্ট্র সচিব আব্দুল করিমের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ওই সভায় র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমআই/১৩৫৭ ঘ.