ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীর প্রাত্যহিক যানজটের চেহারার সঙ্গে রোববার বিকেলে পলাশীর মোড়ে জট লেগে যাওয়ার যানগুলোর অদ্ভূত অমিল। বিরক্তিই যেখানে প্রায় প্রতিটি মানুষের মুখাবয়বের চিত্র হওয়ার কথা সেখানে ছিল আনন্দের রেখা। রোববার বিকেলে জন্মাষ্টমীর আনন্দ মিছিলে খানিকটা হলেও অবাক করা এ দৃশ্য দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রদীপ চৌধুরী।
রাজধানীবাসী যানজটে পড়লে সাধারণত নানাভাবে তাদের বিরক্তি ও উষ্মা প্রকাশ করেন। কিন্তু মঙ্গল শোভাযাত্রার কারণে দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়েও অনেকের মুখে হাসি। বাসে বা রিক্সায় বসে তারা যেন ভাগ নিচ্ছিলেন আনন্দের।
১৩ নম্বর রুটের একটি বাসে প্রায় আধা ঘন্টা যানজটে আটকে থেকেও মোহাম্মদপুর বাঁশ বাড়ি এলাকার বাসিন্দা শেখ শহিদুল আলম বললেন, "এটাও রাজধানীবাসীর বিনোদনের একটি উৎস। এই মিছিল আমাদের ঐতিহ্য। গাড়িতে বসে আছি ঠিকই, কিন্তু আমার মনটা মিছিলের ভেতরে।"
ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে এগিয়ে চলা জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা এভাবেই টেনেছে নানা ধর্ম ও বর্ণের মানুষকে।
শোভাযাত্রায় হাজারও মানুষের ভিড়। তবে একটি রিক্সাভ্যানকে ঘিরে ভিড়টা একটু বেশি। কারণ ওই ভ্যানের পাঁচ মাস বয়সী শিশু দীপ্ত। শ্রীকৃষ্ণ সেজে সে বসে ছিলো বাসুদেবরূপী অশোকের কোলে। তারা এসেছে জিগাতলার ঋষিপাড়া থেকে। এত মানুষ দেখে দীপ্ত হেসেই চলছে। কিন্তু হঠাৎ করেই তার কান্না। এই অবস্থায় অশোক তার মুখে দুধ ভর্তি ফিডার তুলে দেয়। কিছুটা দুধ খেয়ে আবারও দীপ্তি ছড়াচ্ছিল দীপ্ত।
মিছিলের আরেক প্রান্তে শ্রীকৃষ্ণের মামা কংসের বেশ ধরেছে শাঁখারী বাজারের রাজকুমার ঘোষ। বারবার মেকি অট্টহাসিতে ফেটে পড়ছিলো সে। হাতে থাকা গদা ঘুরিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছিল। এভাবে ছোট-বড় অনেকেই সেজেছে শ্রীকৃষ্ণ, কেউ সেজেছে বাসুদেব (শ্রীকৃষ্ণের বাবা), কেউ লোকনাথ ঠাকুর আবার কেউ কংসের সাজ।
রোববার জন্মাষ্টমীর মিছিলে ছিলো শত শত ট্রাক আর পিক আপ (মিনি ট্রাক)। সেগুলোতে ভিড় করেছিল হাজারো আবাল-বৃদ্ধা-বনিতা। বাদ্যযন্ত্র আর মাইকের তালে তালে তারা নেচে-গেয়ে উদযাপন করে শ্রীকৃষ্ণের জন্মদিন।
মিছিলে হাতির পিঠে চড়ে শ্রীকৃষ্ণ সেজে মিছিলে সামিল হয়েছিলো অরুপ মল্লিক। অন্যদিকে রথে চড়ে মিছিলে ছিল পুরান ঢাকার একদল তরুণ-তরুণী।
জাতীয় পতাকা নিয়ে ঘোড়ার পিঠে বসে মিছিলের নেতৃত্বে ছিলেন একজন সহিস। এর পরেই ছিলো 'শুভ জন্মাষ্টমী' লেখা ফেস্টুন ও ব্যানার হাতে একদল তরণী। তাদের পেছনেই হাতিসহ রথ। রথের পেছনে ধীরে ধীরে একের পর এক ট্রাক এগিয়ে যাচ্ছিল মিছিলের শেষ গন্তব্য, বাহাদুরশাহ পার্ক।
৬০ বছর বয়সী মিনতী রায় মিছিলে অংশ নিতে এসেছিলেন বাড্ডা এলাকা থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "প্রতি বছরেই এই মিছিলে অংশ নেই আমি। দিনটি এলে বাসার ছোট-বড় সবাই মিলে দল বেঁধে আমরা এখানে আসি।"
জন্মাষ্টমীর মিছিলে শুধু হিন্দু ধর্মের লোকই নয়, অংশ নিয়েছিলেন অন্য ধর্মের অনুসারীরাও।
দেড় বছর বয়সী মেয়ে মাধবী লতাকে সঙ্গে নিয়ে মিছিলে ছিলেন বিধান রায়। সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পুরানো বন্ধু মনির হোসেন। তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জন্মাষ্টমীর মিছিল আসলে এদেশের স
bdnews24