২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ দাবিতে নরসিংদীতে তাঁত শ্রমিকদের বিক্ষোভ, অবরোধ

বিদ্যুতের দাবিতে রোববার সকালে নরসিংদীতে তাঁত শ্রমিকরা পল্লী বিদ্যুৎ কার্যালয় বিক্ষোভ ও পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে। ওই সময় ঢাকা-সিলেট মহাসড়কও অবরোধ করে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 08:12 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

নরসিংদী, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাবিতে রোববার সকালে নরসিংদীতে তাঁত শ্রমিকরা পল্লী বিদ্যুৎ কার্যালয় বিক্ষোভ ও পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে। ওই সময় ঢাকা-সিলেট মহাসড়কও অবরোধ করে তারা। স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে কয়েকশ তাঁত শ্রমিক নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চৌয়ালা কার্যালয়ের সামনে জড়ো হয়। এক পর্যায়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। পরে জেলা প্রশাসক ও সেনাবাহিনীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ১২টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। তবে পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে তারা। শেষে বিদ্যুতের আশ্বাস পেয়ে ২টার দিকে বিক্ষোভরত শ্রমিকরা বিদ্যুৎ কার্যালয় এলাকা ছাড়ে। শ্রমিকরা জানায়, পাওয়ার লুম (বিদ্যুৎচালিত তাঁত) চালানোর জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। কিন্তু তা না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে এ শিল্পে কর্মরত শ্রমিকদের উপার্জনের পথ বন্ধ হওয়ার উপক্রম। এ বিষয়ে নরসিংদীর জেলা প্রশাসক জিল্লার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি এখন শান্ত। শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে। বিদ্যুতের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।" এদিকে, শ্রমিকদের প্রায় তিন ঘণ্টা অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে রাস্তার দুই পাশে কয়েকশ গাড়ি আটকা পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৪১১ ঘ.