কুমিল্লা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক ব্যক্তি তার দুই মেয়েকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া গ্রামে এই হত্যাকাণ্ডের পর থেকে জসিম নামের ওই ব্যক্তি পলাতক রয়েছেন।
নিহতরা হল- মৌসুমী (১২) ও খুকুমনি (১০)।
এ ঘটনায় জসিমের স্ত্রী শাহেনা বেগম ব্রাহ্মণপাড়া থানায় মামলা করেছেন। পুলিশ নার্সিস বেগমকে গ্রেপ্তার করেছে।
কুমিল্লার পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, বড়ধুশিয়া গ্রামের জসিম মিয়া দীর্ঘদিন ধরে প্রতিবেশী নার্গিস বেগমের সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত। নার্গিসের স্বামী বিদেশ থাকায় দিনের পর দিন তাদের সম্পর্ক বেপরোয়া ঘয়ে ওঠে। এ কারণে জসিমের স্ত্রী শাহেনা বেগম স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যান।
সোমবার জসিম শ্বশুরবাড়ি গিয়ে তাদের দুই মেয়ে মৌসুমী ও খুকুমনিকে বাড়ি নিয়ে আসে। রাতে দুজনকে বিষ খাইয়ে হত্যা করে জসিম পালিয়ে যায়।
মঙ্গলবার সকালে পুলিশ নিহত দুই শিশুর লাশ উদ্ধার করেছে। পুলিশ সুপার নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪০ ঘ.
bdnews24