ঢাকা, ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে শনিবার দিবাগত রাত ১২টা ৫২ মিনিটের দিকে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে।
কিছু মানুষের ভবনের উঁচু তলা থেকে লাফিয়ে পড়ে আহত হওয়া ছাড়া কোথাও কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কয়েক সেকেণ্ড স্থায়ী এ ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৬ ছিল বলে আবহাওয়া দপ্তরের কর্মকর্তা মমিনুল ইসলাম জানিয়েছেন। এর কেন্দ্র ছিল ঢাকা থেকে ২৩৮ কিমি উত্তর-পূর্বে সিলেট এলাকায়।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার রাজধানীতে মৃদু ভূমিকম্প হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেন।
ঢাকার বাইরে তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল, ময়মনসিংহ ও নরসিংদী ও হবিগঞ্জ থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্ররা বাইরে বেরিয়ে আসেন।
ঢাকার তেজগাঁও-নাখালপাড়া থেকে এমদাদ ফোনে জানান, তিনি কম্পিউটারে কাজ করার সময় দেখেন, টেবিল এবং পাশে রাখা গ্লাসের পানি কাঁপছে। তিনতলা থেকে তাদের এবং পাশের ফ্ল্যাটের বাসিন্দারা নিচে নেমে আসেন।
টাঙ্গাইল শহরের উপকণ্ঠের নন্দীর বেতকা গ্রাম থেকে ফারহা কায়সার ফোন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা বেশ প্রবল ঝাঁকুনি অনুভব করে ঘুম থেকে জেগে ওঠেন।
টাঙ্গাইলের মধুপুর গড়ের গাঙ্গাইর থেকে নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রবল ভূমিকম্পে তাদের বাড়ির জানালা সশব্দে কেঁপে ওঠে। দশ সেকেণ্ডের বেশি কম্পন চলে বলে তার মনে হয়েছে।
অধ্যাপক ড.সৈয়দ হুমায়ুন আখতার গত বৃহস্পতিবার রাজধানীর অদূরেই একটি মৃদু ভূমিকম্প হওয়ার কথা উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " মাঝারি ভূমিকম্পের আগে ওই ধরনের ভূমিকম্পকে 'বিফোর শক' বলা হয়। এগুলো আরও ছোটখাট ভূমিকম্পের শঙ্কা জাগাচ্ছে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ছাত্র কামরুল হাসান খান জানান, পরপর দুবার ঝাঁকুনিতে আতঙ্কিত ছাত্ররা কক্ষ থেকে বের হয়ে মাঠে জড়ো হয়।
আতঙ্কে দোতলা থেকে লাফ দিয়ে জিয়া হলের ছাত্র আবুল কালাম আজাদের পা ভেঙে যায়।
মুহসিন হলের ছাত্র আশরাফুল ইসলাম কচি জানান, হলের ছাত্ররা আতঙ্কে মৃদু বৃষ্টির মধ্যে মাঠে বেরিয়ে আসেন। অনেকে জরাজীর্ণ হল ভবন ধ্বসে পড়ার আশঙ্কায় কম্পন থামার পরও রুমে ফিরে যেতে ভয় পাচ্ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের কর্তব্যরত রাত্রিকালীন চিকিৎসক তানভীর আলী জানান, লাফিয়ে পড়ে আহত অন্তত ২০ জন ছাত্র সেখানে চিকিৎসা নিতে আসে। এদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
জগন্নাথ হলের ছাত্র রাহুল কান্তি রায় জানান, লাফিয়ে পড়ে আহত 'পূর্ব বাড়ি'-র ৫/৬ ছাত্রকে মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
মালিবাগের বাসিন্দা হামিদ হোসেন জানান, তিনি ভূমিকম্পের পর সপরিবারে রাস্তায় বেরিয়ে আসেন। অনেককেই তিনি রাস্তায় দেখেছেন বলে জানান।
নরসিংদী ও হবিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধিরা জানান সেখানে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প হয়েছে। নরসিংদীতে পুলিস সদস্যরা ব্যারাক থেকে বেরিয়ে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/০২১৭ঘ.
bdnews24