২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের পক্ষে ইসির মত

রাজনৈতিক দলগুলোর দাবি অনুযায়ী ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ বাতিল না করে সংশোধনের পক্ষে মত দিয়েছে নির্বাচন কমিশন। তবে সংশোধিত আদেশে উপদেষ্টা পরিষদে অনুমোদিত নির্বাচনী আইনের (গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ২০০৮) সব বিধান বহাল থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2008, 01:39 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর দাবি অনুযায়ী ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ বাতিল না করে সংশোধনের পক্ষে মত দিয়েছে নির্বাচন কমিশন। তবে সংশোধিত আদেশে উপদেষ্টা পরিষদে অনুমোদিত নির্বাচনী আইনের (গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ২০০৮) সব বিধান বহাল থাকবে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে সকালে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা এবং দুই কমিশনার এম সাখাওয়াত হোসেন ও ছহুল হোসাইন। বৈঠকে ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ বাতিল না করে সংশোধনের পক্ষে মত দেয় কমিশন। এ ব্যাপারে ছহুল হোসাইন বলেন, "রাজনৈতিক দলগুলো চাচ্ছে ১৯৭২ এর আদেশটি রহিত না করে সেটি সংশোধন করা হোক। এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে সংশোধিত আদেশে সংস্কার প্রস্তাবের সুপারিশগুলো বহাল থাকবে।" উপদেষ্টা পরিষদ গত ১৩ জুলাই ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ বাতিল করে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ২০০৮ নীতিগত অনুমোদন করে। তবে প্রধান রাজনৈতিক দলগুলো এর বিরোধিতা করছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে ছহুল হোসাইন বলেন, "১৯৭২ এর আদেশটি ইংরেজিতে থাকায় সংস্কারগুলোরও ইংরেজি করা প্রয়োজন। এ ব্যাপারে উদ্যোগ নিতে আজই আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সরকার।" রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের কাজ শুরুর জন্য দ্রুত এই আদেশটি সংশোধন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, "আগামী অক্টোবরে ঢাকা সিটি করপোরেশনে নির্বাচন করা হবে। উপজেলা নির্বাচনের আগে বা পরে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ২৭ জুলাই ঢাকায় খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং সেপ্টেম্বরের প্রথম দিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।" গত বছর মার্চে নির্বাচনী আইন সংস্কারে হাত দেয় বর্তমান নির্বাচন কমিশন। চলতি বছরের জুনে ইসি সংস্কার প্রস্তাবসহ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ২০০৮ এর খসড়া আইনমন্ত্রণালয়ে পাঠায়। ১৩ জুলাই উপদেষ্টা পরিষদ তা নীতিগত অনুমোদন করে। রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করে এবং নির্বাচনে 'না' ভোটের বিধান রেখে গণপ্রতিধিত্ব অধ্যাদেশ ২০০৮ এ রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠন নিষিদ্ধ করা হয়। এছাড়া বিলখেলাপি, ঋণ খেলাপি বা আদালতে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না এবং কোনো প্রার্থী তিনটির বেশি আসনে নির্বাচন করতে না পারার বিধান রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএইচবি/১৯৪০ ঘ.