২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে সুশীল সমাজের মতামতও নেওয়া হবে: আনোয়ারুল ইকবাল

স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংলাপের মাধ্যমে রাজনীতিবিদদের মতামত নেওয়ার পাশাপাশি দেশের সুশীল সমাজের মতামতও নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

যশোর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংলাপের মাধ্যমে রাজনীতিবিদদের মতামত নেওয়ার পাশাপাশি দেশের সুশীল সমাজের মতামতও নেওয়া হবে। তিনি বলেন, "রাজনীতিকরা যা বলছেন তার সঙ্গে সর্বস্তরের মানুষ একমত পোষণ করে কিনা তা জানার জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বৈঠক করা হবে। এর অংশ হিসেবে ৩ জুন ব্যবসায়ীদেরকে সংলাপে ডাকা হয়েছে। সারা দেশ থেকে ৩শ' জন ব্যবসায়ী এতে অংশ গ্রহণ করার কথা রয়েছে।" শনিবার যশোরের কেশবপুরে এক সুধী সমাবেশে উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, "সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে, এতে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই।" স্থানীয় একটি মিলনায়তনে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. আবুয়াল হোসেন, যৌথ বাহিনী যশোর ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্নেল আহমেদ চৌধুরী, পৌর সভার চেয়ারম্যান আব্দুস সামাদ বিশ্বাস প্রমুখ। এর আগে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল পৌর ভবনের ফলক উন্মোচন, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও বালিয়াডাঙ্গা সার্বজনীন পূজা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, একটি কল্যাণমুখী গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য তত্ত্বাবধায়ক সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৯ ঘ.