ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন চুরির অভিযোগে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের ছাত্রদের গণপিটুনিতে আহত হয়ে মারা গেছে এক মেডিকেল ছাত্র।
সলিমুল্লাহ হলের ছাত্ররা বলছে, মোবাইল চুরির সময় ধরা পড়লে বাংলাদেশ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ইশতিয়াক আহমেদ জিহাদ ছাত্রদের রোষের মুখে পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে সলিমুল্লাহ হলের এক ছাত্র জানান, জিহাদ ভোর ৬টার দিকে হলের ১০৪ নম্বর কক্ষে ঢুকে দুটি মোবাইল ফোন নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। ১০৪ নম্বর কক্ষের দুই বাসিন্দা রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী রাসেল ও হিমেল দৌড়ে গিয়ে হলের ফটকের কাছে জিহাদকে আটক করে।
ছাত্রটি জানান, জিহাদের কাছে নিজেদের দুটোসহ মোট তিনটি মোবাইল ফোন পায় রাসেল ও হিমেল। এ সময় তাদের চেচামেচিতে হলের অন্য ছাত্ররাও জড়ো হয়ে জিহাদকে পেটানো শুরু করে। বেদম মারধরের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়।
গুরুতর আহত জিহাদকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিহাদকে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে স্বজনরা তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই জিহাদের মৃত্যু হয়।
ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত জিহাদকে দুপুর ১২টার দিকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর আড়াইটার দিকে সে মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এসকে/২২৩২ঘ.
bdnews24