বাগেরহাট, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে পৃথক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে ফকিরহাট উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কে বৃহষ্পতিবার রাতে মাইক্রোবাস-টেম্পো মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
একই উপজেলায় খুলনা-মংলা সড়কের লখপুর এলাকায় শুক্রবার দুপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে লিমা খাতুন (৪) নামে এক শিশু মারা গেছে।
সন্ধ্যায় কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার এলাকায় পিরোজপুর-বাগেরহাট সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস রিকশা ভ্যানকে ধাক্কা এবং চাপা দিলে নিহত হন দুজন।
ঢাকা-মাওয়া মহাসড়কে নিহতদের মধ্যে একজন হলেন- বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাঁপাতলা গ্রামের আলতাফ শেখের ছেলে শেখ আব্দুর গফুর (২৮)। অপর জনের নাম রবিউল ইসলাম (২৭)। তবে পুলিশ তার বাড়ির ঠিকানা জানাতে পারেনি। এরা দুজনই টেম্পোযাত্রী।
পুলিশ শুক্রবার সকালে নিহত আব্দুল গফুরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। রবিউল ইসলামের লাশের ময়না তদন্ত হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি) এরশাদুল কবির চৌধুরী শুক্রবার দুপুরে জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের সাগর ফিলিং স্টেশনের কাছে বৃহষ্পতিবার রাত ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী টেম্পোর সঙ্গে খুলনাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় টেম্পোযাত্রী শেখ আব্দুর গফুর ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত রবিউল ইসলামকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফকিরহাট থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, পার্শ্ববর্তী খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা গ্রামের আসাদ শেখের মেয়ে লিমা তার দাদির সঙ্গে ফকিরহাটে আত্মীয়বাড়ি বেড়াতে আসছিল। লখপুর পৌঁছে লিমা দৌড়ে রাস্তা পার হতে গেলে খুলনা থেকে মংলাগামী বাসটি তাকে চাপা দেয়।
পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারেনি বলে তিনি জানান।
কচুয়ায় নিহতরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামের ফজলুল হক আকনের ছেলে হানিফ আকন (৩২) এবং পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের বীরেন্দ্রনাথ দে'র ছেলে সমর কান্তি দে (২৪)।
হানিফ পেশায় চিংড়ি রেনু ব্যবসায়ী এবং সমর বাধন এন্টারপ্রাইজ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা।
দুর্ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক রসুল শেখ (৫৫)। তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কচুয়া থানার উপ-পরিদর্শক শিব শংকর বণিক জানান, সন্ধ্যা ৬টা নাগাদ সাইনবোর্ড বাজারের কাছে আসার পর বাসটি প্রথমে পেছন দিক থেকে একটি রিকশাভ্যান এবং পরে সাইনবোর্ড বাসস্ট্যাণ্ডে বাসের জন্য অপেক্ষমান সমর কান্তিদেকে চাপা দেয় এবং একটি গাছে ধাক্কা খেয়ে থেমে যায়।
তিনি জানান, বাসের ধাক্কায় ভ্যান রিক্সা আরোহী হানিফ ও ভ্যানচালক রসুল গুরুতর আহত হন। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে হানিফ ও সমর মারা যান। বাসের চালক পালিয়ে গেছে। বাসটি আটক করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৬ ঘ.
bdnews24