চট্টগ্রাম, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বেতন ভাতা বাড়ানোর দাবিতে সীতাকুণ্ডের সানমেন টেক্সটাইল কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে বিক্ষোভ ও ভাংচুর করেছে।
এ সময় শ্রমিকদের সঙ্গে কারখানার নিরাপত্তাকর্মীদের সংঘর্ষে কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে স্থানীয় একজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
ওই সাংবাদিক জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা কাজে যোগ দেবেন না বলে ঘোষণা দিয়েছেন।
সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় অবস্থিত বিকল্প ধারা বাংলাদেশ এর নেতা অবসরপ্রাপ্ত মেজর এম এ মান্নানের মালিকাধীন কারখানাটির শ্রমিক মো. বাবুল ও খোরশেদা আক্তারের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, দীর্ঘদিন থেকে তারা ১২শ' টাকা বেতনে কাজ করছেন। বাড়ানোর আশ্বাস দিলেও কর্তৃপক্ষ তা কার্যকর করেনি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে বেশ কয়েকদিন থেকে উত্তেজনা বিরাজ করছিল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা থেকে প্রায় দেড় হাজার শ্রমিক কারখানা চত্ত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এরপর সকাল নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত শ্রমিকরা প্রহরীদের কক্ষসহ কারখানার দরজা ও জানালা ভাংচুর করে।
ওই সাংবাদিক জানান, বেতন বাড়ানো ছাড়াও শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি, কারখানা কর্র্তৃপক্ষের নির্যাতন, একদিন অনুপস্থিত থাকলে বেতন কাটা বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে জানিয়েছে। এসব দাবি মানা না হলে এ কারখানার দুই হাজার শ্রমিকের কেউ কাজে যাবে না বলে ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক আসাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল নয়টার দিকে শ্রমিকরা বেতন ভাতা বাড়ানোর দাবিতে টেক্সটাইল মিলের অভ্যন্তরে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা কারখানার যন্ত্রাংশ ভাংচুর করে। পুলিশ ও উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে শ্রমিকরা শান্ত হন। পরে দুপক্ষের মধ্যে বৈঠকে আপাতত বিষয়টির সুরাহা হয়েছে।
তিনি জানান, বৈঠকে বৃহস্পতিবার স্ববেতন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া আগামী দু'একদিনের মধ্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম এ মান্নানের উপস্থিতিতে শ্রমিকদের দাবির বিষয়টি আলোচনা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৬৩৩ ঘ.
bdnews24