২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিপূরণের আশ্বাস শেভরনের, কমলগঞ্জের দুই গ্রামে জরিপ শুরু বুধবার

গ্রামবাসীর বাধার মুখে ছয়দিন বন্ধ থাকার পর মৌলভীবাজারের কমলগঞ্জের বালিগাঁও ও বাগমারা গ্রামে শেভরনের ত্রি-মাত্রিক ভূ-তাত্ত্বিক জরিপ বুধবার থেকে আবার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

মৌলভীবাজার, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামবাসীর বাধার মুখে ছয়দিন বন্ধ থাকার পর মৌলভীবাজারের কমলগঞ্জের বালিগাঁও ও বাগমারা গ্রামে শেভরনের ত্রি-মাত্রিক ভূ-তাত্ত্বিক জরিপ বুধবার থেকে আবার শুরু হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামত করে দেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে গ্রামবাসী জরিপ কাজ চালাতে দিতে সম্মত হওয়ায় বাধা দূর হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। মঙ্গলবার মার্কিন তেল-গ্যাস কোম্পানি শেভরনের পরিচালক (এক্সটার্নাল এ্যাফেয়ার্স) নাসের আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদ্ভুত পরিস্থিতি নিরসন হয়েছে। আমরা বুধবার থেকে বালিগাঁও ও বাগমারা গ্রামে ভূ-তাত্ত্বিক জরিপ আবার শুরু করছি।" একইদিন বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজারের জেলা প্রশাসক মুহা. আলকামা সিদ্দিকী সরেজমিন বালিগাঁও ও বাগমারা গ্রাম পরিদর্শন করেন। বালিগাঁও গ্রামের বটেরতল এলাকায় দুই গ্রামবাসীকে নিয়ে বৈঠক করেন। বৈঠকে তিনি ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলে তাদের বাড়ি মেরামতের আশ্বাস দেওয়ার পর গ্রামবাসী শেভরনের জরিপ কাজ চালাতে দিতে রাজি হন। জেলা প্রশাসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রামবাসীর বাধার মুখে জরিপকাজ চালাতে না পারায় শেভরন আমাদেরকে একটি চিঠি দেয়। এতে শেভরন জানায়- তাদের জরিপ কাজের সময় কোনো ঘরবাড়ি কিংবা পরিবেশের ক্ষতি হলে তদন্ত করে ক্ষতিপূরণ দেবে তারা।" তিনি বলেন, "শেভরনের ওই চিঠির পরিপ্রেক্ষিতে আমি সরেজমিন গ্রাম দুটি পরিদর্শন করে দেয়ালে ফাটল ধরা বাড়িগুলো দেখেছি। যাদের বাড়ির দেয়ালে ফাটল ধরেছে তাদের বাড়ি চিহ্নিত করে মেরামত করে দেওয়া হবে। তবে কাউকে নগদ টাকা দেওয়া হবে না।" কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফিসহ বালিগাঁও ও বাগমারা গ্রামের লোকজন জানান, গত বৃহস্পতিবার উপজেলার বালিগাঁওয়ে এবং শুক্রবার বাগমারা এলাকায় শেভরনের ত্রি-মাত্রিক ভূ-তাত্ত্বিক জরিপের কাজে বিস্ফোরণ ঘটনোর ফলে বেশ কিছু বাড়ির দেয়ালে ফাটল দেখা দেয়। প্রচন্ড শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। পরে স্থানীয়দের বাধার মুখে শেভরনের ত্রি-মাত্রিক ভূ-তাত্ত্বিক জরিপ কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয় লোকজন তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে শেভরনের টালবাহানায় ক্ষুব্ধ হন। এ অবস্থায় শুক্রবার বিকালে উপজেলা সদরের সিরাজুল ইসলামের বাড়িতে শেভরনের লোকজনের উপস্থিতিতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় অধিবাসীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রোববার পর্যন্ত বালিগাঁওয়ে জরিপকাজ বন্ধের সিদ্ধান্ত হয়। বৈঠকে গ্রামবাসীর পক্ষ থেকে বলা হয়েছিল- প্রশাসনিকভাবে জেলা প্রশাসক সরজমিন এসে ক্ষতিপূরণ দেওয়ার নিশ্চয়তা দিলে শেভরনকে জরিপ কাজ করতে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২০ ঘ.