ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় উদ্বেগ ও সহানুভূতি প্রকাশ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জাইচিকে বার্তা পাঠিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
চিঠিতে উপদেষ্টা বলেন, "ভয়াবহ এ দুর্যোগে চীনের জনগণের দুর্দশায় আমরাও সমব্যথী। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং দুর্ভোগ কাটিয়ে আবার ঘুরে দাঁড়ানোর পথে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি।"
চীনের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবেও শোক জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
এর আগে ভূমিকম্পের খবর পাওয়ার পরপরই ইফতেখার আহমেদ চৌধুরী বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ঝেং কুইংডিয়ানকে টেলিফোনে সমবেদনা জানান।
চীনের সিচুয়ান প্রদেশে সোমবার ভূমিকম্পে মৃতের সংখ্যা এ পর্যন্ত ১০ হাজারে গিয়ে দাঁড়িয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/১৫৪৯ ঘ.
bdnews24