ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের জন্য গঠিত সুপ্রিম জুডিশিয়াল কমিশনের কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেনি সুপ্রিম কোর্ট।
হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য সরকারের করা আবেদনের ওপর আগামী ১৫ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে।
সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোঃ আবদুল মতিন সরকারের আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে এই আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ এপ্রিল হাইকোর্ট উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের জন্য গঠিত সুপ্রিম জুডিশিয়াল কমিশনের কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছিল।
পাশাপাশি আদালত এ সংক্রান্ত অধ্যাদেশকে কেন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হবেনা তার কারণ জানতে চেয়ে সরকারের আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের ওপর রুলনিশি জারি করেছিল।
সরকারের আবেদনের ওপর শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, আইন বা অধ্যাদেশ জনসাধারণের কল্যাণের জন্য প্রণয়ন করা হয়। এর ওপর স্থগিতাদেশ দেওয়া হলে রাষ্ট্রের ক্ষতি হয়। তাই হাইকোর্টের আদেশ স্থগিত রাখা প্রয়োজন।
জবাবে রিটকারীর কৌসুলী ড. শাহদীন মালিক বলেন, হাইকোর্ট জুডিশিয়াল সার্ভিস কমিশন অধ্যাদেশের ওপর কোন স্থগিতাদেশ দেয়নি। কমিশনের কার্যক্রম স্থগিত করেছে মাত্র।
তিনি আরও বলেন, কমিশনের ৯ সদস্যের মধ্যে ২ জন সংসদ সদস্য থাকার বিধান রয়েছে। এখন জাতীয় সংসদ না থাকায় ওই ২ সদস্যের অস্তিত্ত্বই নেই। তাই কমিশন এমনিতেই কার্যকর নয়।
গত ১৬ মার্চ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ সুপ্রিম জুডিশিয়াল কমিশন অধ্যাদেশ জারি করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০৫৮ঘ.
bdnews24