নাটোর, মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বহুল আলোচিত বেসরকারি সংগঠন প্রভাতী গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়নাল আলী শেখ রোববার আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
জয়নাল আলী শেখ নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। হাকিম মোহাম্মদ শরীফ উদ্দিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় তাকে নাটোর কারাগারে নিয়ে যাওয়া হয়।
ফেব্র"য়ারিতে প্রভাতী উন্নয়ন সংস্থার কর্মকর্তারা সদস্যদের টাকা আত্মসাত করে হঠাৎ উধাও হয়ে যান। এর পরপর আরও কয়েকটি স্থানীয় বেসরকারি সংগঠনের কর্মকর্তারাও সদস্যদের টাকা নিয়ে গা ঢাকা দেয়।
নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আশিক সাঈদ বলেন, "জয়নালের আদালতে আত্মসমর্পণ প্রতারিত সদস্যদের টাকা পাওয়ার বিষয়টি অনেকটা সহজ হবে।"
নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. ফয়েজ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে জয়নাল শেখ আইনজীবীর মাধ্যমে মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন। এর আগে তার বিরুদ্ধে দায়ের করা ৩২টি প্রতারণা মামলায় জামিনের আবেদনপত্র জমা দেওয়া হয়। আদালত শুনানি শেষে সবকটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রভাতী গ্রামীণ উন্নয়ন সংস্থার প্রতারিত ৩২জন সদস্যের করা মামলার এজাহারে সরাসরি জয়নালের নাম রয়েছে। এসব সদস্য প্রভাতী গ্রামীণ উন্নয়ন সংস্থার কাছে এক কোটি ২৯ লাখ টাকা পায়।
আদালত পুলিশের উপ-পরিদর্শক (সিএসআই) মামুন হোসেন জানান, নলডাঙ্গা থানার জিআর মামলায় তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। সোমবার এ ব্যাপারে শুনানি হতে পারে।
তিনি আরও জানান, গত মার্চ মাসে জয়নালের শ্বশুর বাড়ির গোয়াল ঘরে মাটির নিচ থেকে সংস্থার ২৩ লাখ টাকা উদ্ধার করেছে র্যাব। গত ২৮ ফেব্র"য়ারি সংস্থাটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তিনি আত্মগোপন করেন।
আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জয়নাল শেখ জানান, সংস্থার সভাপতি আজাহার আলী, সহ-সভাপতি এছহাক আলী, সহ-সম্পাদক রফিকুল ইসলাম, সম্পাদক বিপ্লব হোসেন ও তার নিজের হেফাজতে এক কোটি টাকার মতো রয়েছে।
পলাতক থাকা অবস্থায় তিনি অন্যদের সঙ্গে যোগাযোগ করেছেন। বিপ্লব ছাড়া বাকি সবাই জনগণের আমানতের টাকা ফেরত দিতে রাজি হয়েছে। সভাপতি আজাহার আলী ইতিমধ্যে আদালতে আত্মসমর্পণ করেছেন। বাকিরা কয়েক দিনের মধ্যে আদালতে হাজির হবেন। কারাগারে বসে তারা ক্ষতিগ্রস্থদের টাকা ফেরতের কৌশল ঠিক করবেন বলে তিনি জানান।
তিনি আরও জানান, সংগঠন বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত তারা ৬ হাজার সদস্যের কাছ থেকে এক কোটি ৯২ লাখ টাকা সংগ্রহ করেছেন। এসব টাকার বড় একটা অংশ তারা দাদন ব্যবসায় লাগিয়েছেন বলে জানান।
বিনিয়োগকারীদের উচ্চ হারে মুনাফা দেওয়া সম্পর্কে জয়নাল বলেন, "এটা আমি নিজেও বুঝতাম না। সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন তহবিল পরিচালনার যাবতীয় কাজ করতেন। তাকে আটক করা গেলে সবকিছু জানা সম্ভব হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫০ ঘ.
bdnews24