নারায়ণগঞ্জ, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে তৈরিপোশাক কারখানার শ্রমিকদের জন্য কম দামে চাল বিক্রি কার্যক্রম সোমবার থেকে শুরু করেছে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও ফতুল্লার পঞ্চবটীর বিসিক শিল্পনগরীতে সপ্তাহে একদিন ২৫ টাকা কেজি দরে মাথাপিছু চার কেজি চাল কিনতে পারবেন শ্রমিকরা। পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের অন্যান্য শিল্প এলাকা, সাভার ও আশুলিয়ায় শ্রমিকদের মধ্যেও কম দামে চাল বিক্রির ব্যবস্থা করা হবে।
ফতুল্লার সস্তাপুরে সদর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে শ্রমিকদের এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল।
উপদেষ্টা তৈরিপোশাক কারখানার শ্রমিকদের মধ্যে কম দামে চাল বিক্রির বিকেএমইএ'র উদ্যোগকে স্বাগত জানান।
তিনি বলেন, "ভর্তুকি দিয়ে শ্রমিকদের জন্য চাল বিক্রির এই উদ্যোগ তাদের দুর্দশা কমাতে সহায়ক হবে। বিকেএমইএ'র মতো দেশের অন্যান্য ব্যবসায়ী সংগঠনগুলোরও এ ব্যাপারে এগিয়ে আসা উচিত।"
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, "দেশে এখনই সরকারের পক্ষে খাদ্যদ্রব্যের রেশনিং ব্যবস্থা চালু করা সম্ভব নয়। এজন্য প্রস্তুতি ও সময় প্রয়োজন। তবে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।"
বিকেএমইএ সভাপতি ফজলুল হক বলেন, "চালের বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্তশ্রমিকদের মধ্যে ২৫ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও ফতুল্লার পঞ্চবটীর বিসিক শিল্পনগরীতে সপ্তাহে একদিন মাথাপিছু চার কেজি করে চাল বিক্রি করা হবে। পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের অন্যান্য শিল্প এলাকা, সাভার ও আশুলিয়ায় এই কর্যক্রম চালু করা হবে।"
তিনি জানান, শুধু নারায়ণগঞ্জেই ৭১৩টি নিটওয়্যার উৎপাদনকারী কারখানায় ৩ লাখ শ্রমিক কাজ করে।
পরে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বিকেএমইএ'র নারায়ণগঞ্জ কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় জেলা প্রশাসক এএমএ রহমান, জেলা পুলিশ সুপার মো. ছিবগাতউল্লাহ, নারায়ণগঞ্জের সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসুল ইসলাম শামস, নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ডা. সেলিনা হায়াত আইভী, বিকেএমইএ সভাপতি ফজলূল হক, সহ-সভাপতি আবদুর রাশেদ রাশু, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথম দিনে চালের জন্য শ্রমিকদের লম্বা লাইন:
কম দামে চাল কেনার জন্য প্রথমদিনেই নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে শ্রমিকদের লম্বা লাইন দেখা গেছে। নারী ও পুরুষ শ্রমিকদের জন্য ছিল পৃথক লাইন।
কম দামে চাল কেনার জন্য আগ্রহী শ্রমিকদের গার্মেন্টস কর্তৃপক্ষ সাময়িক ছুটি দেয়।
ফতুল্লা ফেব্রিক্সের ফিনিশিং ম্যান সিদ্দিকুর রহমান জানান, তিনি মাসে ৩ হাজার ৩০০ টাকা বেতন পান। ঘর ভাড়া দেওয়ার পর বাকি টাকা চাল কিনতেই শেষ হয়ে যায়।
সিদ্দিকুর রহমান বলেন, "২৫ টাকা কেজি দরে চাল দেওয়ায় ভাল হচ্ছে। কিন্তু এর পরিমাণ বাড়িয়ে সপ্তাহে ১০ কেজি করা উচিত।"
টাইম সুয়েটারের শ্রমিক শাহনাজ বলেন, "প্রত্যেক কারখানার গেটে চাল বিক্রি করা হলে সবার জন্য সুবিধা হতো।" চালের পরিমাণ আরও বাড়ানো উচিত বলে মন্তব্য করেন তিনি।
ইউনিক গার্মেন্টসের শ্রমিক লাইলী বেগম জানান, যারা মাসিক বেতনের বদলে উৎপাদন ভিত্তিতে মজুরি পান তাদের জন্য কাজের সময় চাল কিনতে বাইরে ছুটি নিয়ে আসা কষ্টকর।
স্যামসন্স গার্মেন্টসের শ্রমিক মাহমুদা জানান, এই দুর্মূল্যের বাজারে ৩০/৩২ টাকা কেজি দরের চাল ২৫ টাকায় কিনতে পেরে তিনি খুশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৯৩৭ ঘ.
bdnews24