ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইহাটের দুর্গম সাজেক এলাকায় পাহাড়ি-বাঙালিদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করার দাবি জানিয়েছে 'নাগরিক সমাজ'।
আইনজীবী, রাজনীতিক, মানবাধিকার কর্মী ও শিক্ষকদের সমন্বয়ে গঠিত নাগরিক সমাজের প্রতিনিধিরা ঘটনাস্থল ঘুরে এসে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সারা হোসেনের নেতৃত্বাধীন নাগরিক সমাজের প্রতিনিধি গণফোরামের পঙ্কজ ভট্টাচার্য, আইন ও সালিশ কেন্দ্রের আবু আহমেদ ফয়জুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ওই ঘটনার পর পাহাড়িরা ভয়ে অনেকেই পালিয়ে বেড়াচ্ছে। ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নীচে চরম অসহায়ভাবে দিন কাটাচ্ছে।
এতে বলা হয়, পাহাড়িরা মনে করে স্থানীয় বাঙালিরা তাদের বাড়িতে আগুন দিয়েছে। আর বাঙালিরা মনে করছেন, বহিরাগতরা তাদের ঘর-বাড়ি পুড়িয়ে দিয়েছে। এর সঙ্গে স্থানীয় পাহাড়িরা জড়িত নয়।
ব্যারিস্টার সারা হোসেন বলেন, "সেখানে জমি-জমা নিয়ে আগে থেকেই পাহাড়ি-বাঙালিদের মধ্যে উত্তেজনা চলছিল। নিরাপত্তা বাহিনীর দায়িত্ব ছিলো উভয়পক্ষের এই উত্তেজনা প্রশমিত করা।"
পঙ্কজ ভট্টাচার্য বলেন, "পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণেই বার বার পাহাড়ে এ ধরণের ঘটনা ঘটছে।"
তিনি বলেন, "আমি চার বছর আগেও সাজেকে ঘুরে সেখানে কোনো বাঙালি বসতি দেখিনি।"
সংবাদ সম্মেলনে সাজেকসহ পার্বত্য চট্টগ্রামে বাঙালি বসতি স্থাপনের উদ্যোগ বন্ধ, পাহাড়ের ভূমি সমস্যার সমাধানে ভূমি কমিশন গঠন, আঞ্চলিক পরিষদকে সক্রিয় করে বেসামরিক প্রশাসনকে কার্যকর করাসহ বিভিন্ন দাবি জানানো হয়।
এর আগে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানস চৌধুরী, বিপ্লবী ঐক্য ফ্রন্টের মোশরেফা মিশু, জাতীয় বিপ্লবী ফ্রন্টের সাহাদাত হোসেন, সাংবাদিক উদিসা ইসলামের নেতৃত্বে একটি পরিদর্শকদল সাজেক এলাকা পরিদর্শন করে গত শুক্রবার পৃথক এক সংবাদ সম্মেলনে অনুরূপভাবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছিলেন।
অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসী হামলায় গত ২০ এপ্রিল সাজেক ইউনিয়নের গঙ্গারাম মুখের বাঘাইহাট নার্সারি এলাকায় সাতটি গ্রামের ১৩২টি বসতবাড়ি পুড়ে যায়। ধ্বংস হয় বাঙালিদের ৭৯টি এবং পাহাড়িদের ৫৩টি ঘরবাড়ি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/এমএ/১৫৫৬ ঘ.
bdnews24