মুন্সীগঞ্জ, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের মাওয়া ফেরিঘাটে শুক্রবার সন্ধ্যায় একটি প্রাইভেট কার পদ্মায় ডুবে গেলে একই পরিবারের তিনজন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় এক নম্বর পন্টুনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
গাড়ির নিখোঁজ আরোহীরা হলেন- স্থপতি রেজাউল করিম (৫৫), তার স্ত্রী শাহানারা করিম (৪১) ও ছেলে সাফাত করিম (১০)।
দুর্ঘটনায় ওই পরিবারের মেয়ে নুসরাত জাহানও (২০) গাড়ির সঙ্গে তলিয়ে যান। কিছুক্ষণ পর অজ্ঞান অবস্থায় ভেসে উঠলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মুনিরুদ্দিন রাত আটটার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে ডুবুরী তলব করা হয়েছে। তবে প্রশাসন স্থানীয়ভাবে উদ্ধার তৎপতা চালাচ্ছে। দুর্ঘটনাস্থল পানির গভীরতা বেশি হওয়ায় এবং তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে।
জেলা প্রশাসক জানান, রেজাউল করিম পরিবারের বাসা ঢাকার লালমাটিয়ায়। রেজাউল পেশায় স্থপতি।
তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটে জেলা প্রশাসক তা জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২১২ ঘ.
bdnews24