২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বির হত্যা মামলার আসামি আবু সুফিয়ান গ্রেপ্তার

বসুন্ধরা গ্র"পের কর্মকর্তা হুমায়ুন কবীর সাব্বিরকে হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে ওই প্রতিষ্ঠানের সাবেক পরিচালক আবু সুফিয়ানকে রোববার গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 05:51 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা গ্র"পের কর্মকর্তা হুমায়ুন কবীর সাব্বিরকে হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে ওই প্রতিষ্ঠানের সাবেক পরিচালক আবু সুফিয়ানকে রোববার গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। রমনা থানার উপ-পরিদর্শক মাহাবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকেলে গ্রেপ্তারের পর সন্ধ্যায় আবু সুফিয়ানকে রমনা থানায় হস্তান্তর করে কমিশনের কর্মকর্তারা। রাতে তাকে হাজতে রেখে সোমবার সকালে আদালতে পাঠানো হবে। আবু সুফিয়ান ওই খুনের ঘটনায় দায়ের করা হত্যা মামলারও অন্যতম আসামি। ২০০৬ সালের ৪ জুলাই গুলশানের একটি অ্যাপার্টমেন্টে খুন হন বসুন্ধরা টেলিকমের পরিচালক হুমায়ুন কবীর সাব্বির। ৫ জুলাই তার লাশ উদ্ধার করা হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানো চেষ্টা করা হয়। ঘটনা প্রকাশ হয়ে গেলে তা ধামাচপা দেওয়ার চেষ্টায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ২০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে। এ অভিযোগে গত ২০০৭ সালের ৪ অক্টোবর বাবর, বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, তার দুই ছেলে সাফিয়াত সোবহান সানবির ও সাদাত সোবহান, বসুন্ধরার সহযোগী প্রতিষ্ঠান ইস্টওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট এর পরিচালক আবু সুফিয়ান ও তারেক রহমানের ব্যাক্তিগত সহকারী নূরউদ্দীন অপুর বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। পরে মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক রূপক কুমার সাহা মামলার অভিযোগপত্রে তারেক রহমান ও সাবেক সাংসদ কাজী সলিমুল হক কামালের (প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান) নাম আসামি হিসেবে যুক্ত করেন। আসামিদের মধ্যে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর বর্তমানে কারাগারে এবং বাকিরা পলাতক রয়েছেন। রূপক কুমার সাহা জানান, হত্যাকাণ্ডের পর আবু সুফিয়ান ঘুষ লেনদেনের বিষয়ে মধ্যস্থতা করেন। এ ঘটনার পর তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। কয়েকদিন আগে তার দেশে ফেরা খবর পেয়ে কমিশন তাকে গ্রেপ্তারের জন্য তৎপর হয়। রোববার বিকেলে তাকে কাকরাইলের রাজমনি সিনেমা হলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২৩৪৪ ঘ.