ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী জেলায় বিদ্যুৎ বিতরণের জন্য 'সাউথ জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড' গঠনের অনুমতি দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বুধবার বিকালে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের বলেন, "প্রশাসন উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশের আলোকে উপদেষ্টা পরিষদ সাউথ জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গঠনের অনুমতি দিয়েছে।"
রাষ্ট্রায়ত্ত্ব এই প্রতিষ্ঠানটি বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী জেলায় বিদ্যুৎ বিতরণের বিষয়টি দেখভাল করবে।
ফাহিম মুনেম জানান, নির্বাচন কমিশনের অনুরোধে 'জাতীয় পরিচয় নিবন্ধন অধ্যাদেশ, ২০০৮' আইনে নতুন কয়েকটি বিষয় যোগ করে বুধবারের সভায় তা আবারও অনুমোদন করা হয়েছে।
এর আগে গত ৩০ মার্চ উপদেষ্টা পরিষদ এ আইনে চূড়ান্ত অনুমোদন দেয়।
জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট তৈরি ও নবায়ন, ড্রাইভিং লাইসেন্স ইস্যু এবং চাকরিতে যোগদানের সুযোগ রেখে রোববারের সভায় তা অনুমোদন করা হয়।
নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় বার্ষিক উন্নয়ন প্রকল্পের দরপত্রে আর্থিক বিষয়গুলো পর্যালোচনার ব্যাপারে একনেকের একটি সুপারিশও উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, এমএস রড, স্টিল, ইট, টিন ও বিটুমিনের দাম বাড়ায় ঠিকাদারদের ক্ষতিপূরণ দেবে সরকার। তবে প্রকল্পের কাজ শেষ হলে তবেই ক্ষতিপূরণের অর্থ পাবেন ঠিকাদাররা।
গত ৩১ ডিসেম্বর আগে সরকার যে সব দরপত্র ডেকেছে এবং এ বছরের ১৫ এপ্রিল পর্যন্ত যে সব ঠিকাদারের সঙ্গে সরকারের চুক্তি হয়েছে কেবল সেসব চুক্তির ক্ষেত্রেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বৈঠকে খাদ্য অধিদপ্তরের পোস্তগোলার 'সরকারি ময়দা ও পশু খাদ্য মিল' এর অব্যবহৃত অস্থাবর সম্পদ বিক্রির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে বলে ফাহিম মুনেম জানান।
লোকসানের কারণে ২০০৩ সালে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ক পর্যালোচনা কমিটি কারখানাটি বন্ধ করে দেওয়ার সুপারিশ করে। মিলের যেসব অস্থাবর সম্পদ বিক্রির অনুমতি দেয়া হয়েছে তার দাম প্রায় এক কোটি ৬১ লাখ ৭৩ হাজার টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচবি/বিআর/জেকে/এমএইচবি/২০৪৪ ঘ.
bdnews24