সিলেট, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলায় সিলেট মহানগর বিএনপি সভাপতি ও সিটি করপোরেশনের কমিশনার আরিফুল হক চৌধুরী এবং তার স্ত্রী শামা হক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
মঙ্গলবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতে এ অভিযোগ গঠন করা হয়। জজ আব্দুল গফুর আগামী ৪ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। মামলায় ২৭ জনকে সাক্ষী করা হয়েছে।
গতবছর ৯ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের সিলেট আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক নাসির উদ্দিন কোতয়ালি থানায় আরিফুল হক চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাটি করেন।
মামলায় অভিযোগ করা হয়, দুর্নীতি দমন কমিশনে (দুদক) দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে আরিফুল হক চৌধুরী এক কোটি ১২ লাখ ৯৯ হাজার ৩১২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
এছাড়া আরিফুল হক ও তার স্ত্রী শামা হক ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দুই কোটি ৬৩ লাখ ৪১ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন বলে দুদক তদন্ত করে জানতে পেরেছে।
গত ৩ মার্চ তদন্ত কর্মকর্তা কুমিল্লা দুদকের সহকারী পরিচালক শাহীন আরা মমতাজ সিলেটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সরকারি কৌসুলি (পিপি) ইইউ শহিদুল ইসলাম শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আরিফুল হককে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আসামি পক্ষের আইনজীবীরা আবেদন করেছিলেন। আদালত তা নামঞ্জুর করে দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন।"
আরিফুল হক চৌধুরী ২০০৭ সালের ২৫ ফেব্র"য়ারি সিলেটে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। বর্তমানে তিনি সিলেট কারাগারে আছেন। শামা হক চৌধুরী এখন আত্মগোপনে রয়েছেন।
আরিফুল হকের বিরুদ্ধে দুটি চাঁদাবাজি মামলাও বিচারাধীন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এটিএম মাসুদ টিপু, অ্যাডভোকেট মহিউদ্দিনসহ বেশ কয়েকজন আইনজীবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫২ ঘ.
bdnews24