২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোডশেডিংয়ের অত্যাচার শিগগির কমছে না

গরমে আর মড়ার ওপর খাঁড়ার ঘা লোডশেডিংয়ে অতিষ্ঠ দেশবাসীর জন্য আশু কোনো সুখবর নেই। বোরো মওসুম শেষ না হওয়া পর্যন্ত রাজধানীসহ সারাদেশে বিদ্যুৎ পরিস্থিতির তেমন কোনও উন্নতি হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 01:19 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --গরমে আর মড়ার ওপর খাঁড়ার ঘা লোডশেডিংয়ে অতিষ্ঠ দেশবাসীর জন্য আশু কোনো সুখবর নেই। বোরো মওসুম শেষ না হওয়া পর্যন্ত রাজধানীসহ সারাদেশে বিদ্যুৎ পরিস্থিতির তেমন কোনও উন্নতি হচ্ছে না। এপ্রিল মাসের শেষ বা মে মাসের প্রথম নাগাদ সেচ মওসুম শেষ হলে বিদ্যুৎ সঙ্কট কিছুটা কাটবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম রোববার সাংবাদিকদের বলেন, "এপ্রিলের শেষ নাগাদ বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে। সেচ থেকে বিদ্যুৎ কমিয়ে রাজধানীতে সরবরাহ বাড়ানোর চিন্তা করা হলেও তা করা যাচ্ছে না। এখনও অনেক এলাকায় সেচ দিতে হচ্ছে।" রোববার সারা দেশ জুড়েই কমবেশি লোডশেডিং হয়েছে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও বাড়ছে। রোববার বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ৪৬০০ মেগাওয়াট। সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদন ছিল ৩৮২০ মেগাওয়াট। লোড শেডিং নির্ধারণ করা হয়েছে ৬৫৮ মেগাওয়াট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুসারে রোববার দিনে লোডশেডিংয়ের পরিমাণ ছিল ২৭৫ মেগাওয়াট। সকাল ৮টা থেকেই বিদ্যুতের চাহিদা ৪০০০ মেগাওয়াটের ওপরে চলে যায়। রাজধানীর কোনও কোনও এলাকায় দিনে ৬/৭ বারও বিদ্যুৎ চলে যাচ্ছে। কখনো কখনো একেকবারে টানা এক-দেড় ঘন্টার বেশি সময়ও বিদ্যুৎ সরবরাহ থাকছে না। ডেসার হিসাব অনুযায়ী রোববার দিনে রাজধানীর কাজলা এলাকায় ৫০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৩০ মেগাওয়াট সরবরাহ করা হয়েছে। পরিবাগে চাহিদা ছিল ২৫ মেগাওয়াটের বেশি। সেখানে সরররাহ করা হয়েছে ১৮ মেগাওয়াট। মগবাজারে দিনের বেলায় চাহিদা ছিল ৩০ মেগাওয়াট যার মধ্যে ১৯ মেগাওয়াট সরবরাহ করা হয়েছে। ডেসকো এলাকায় ৪৩২ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করা হয়েছে ৩৬০ মেগাওয়াট। মহাখালী নাখাল পাড়াসহ অনেক এলাকায় কমবেশি প্রতিঘণ্টায় লোডশেডিং করা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হচ্ছেনা। পিক আওয়ারে ওয়াসার পানির পাম্প পরিচালনায় মূল সরবরাহের বিদ্যুতের পরিবর্তে নিজস্ব জেনারেটর ব্যবহারের পরামর্শ এখনও বাস্তবায়ন করা যায়নি। ওয়াসা বলেছে এতে পানি সরবরাহে বিপর্যয় দেখা দেবে। সিটি করপোরেশনে সড়কের এক পাশে বাতি বন্ধ রাখা, শীতাতপ যন্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ ব্যবহার সাশ্রয় করার কথা চিন্তা করা হয়েছিল। শুধু শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার বন্ধ রাখলেই ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে বলে বিদুৎ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছিল। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য নন বাল্ক শিল্প প্রতিষ্ঠানে পিক আওয়ারে ৪০ শতাংশ গ্যাস ব্যবহার কমানোর জন্য তিতাস গ্যাসের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। তবে মন্ত্রণালয়ের এসব আহ্বানে কেউ সাড়া দেয়নি। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর রায়হানুল আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পিক আওয়ারে পাম্প বন্ধ রাখা যাবে না। এটা তাত্ত্বিক কথা। বাস্তবে সম্ভব নয়।" বিভিন্ন এলাকায় পানির সঙ্কটে মানুষের দুর্ভোগ হলেও ওয়াসার এলাকায় পানির 'খুব একটা সঙ্কট নেই' বলে দাবি করেন রায়হানুল আবেদিন। তিনি বলেন," দু'এক জায়গায় যে সমস্যা আছে তা ঠিক হয়ে যাবে। বেশ কয়েকটি এলাকায় জেনারেটর দিয়ে পাম্প চালিয়ে সঙ্কট নিরসনের চেষ্টা করা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯০৯ঘ.