২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মামলা: সরকারের আপিল শুনানি ২৩ এপ্রিল পর্যন্ত মুলতবি

শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের ওপর শুনানি আগামী ২৩ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার তৃতীয় দিনের মতো সরকারের আপিলের ওপর শুনানি গ্রহণ করে মুলতবির এ আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 08:37 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের ওপর শুনানি আগামী ২৩ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার তৃতীয় দিনের মতো সরকারের আপিলের ওপর শুনানি গ্রহণ করে মুলতবির এ আদেশ দেন। আপিল বিভাগের বিচারপতি তাফাজ্জাল ইসলাম স্বাস্থ্যগত কারণে বুধবার বিদেশ যাবেন। তিনি প্রায় এক মাস দেশে থাকবেন না। আপিল বিভাগের নিয়ম অনুযায়ী, পূর্ণাঙ্গ বেঞ্চে তিন দিন শুনানি হওয়ায় এক জন বিচারপতির অনুপস্থিতিতে শুনানি চলতে পারে না। তাই এ আপিলের শুনানি মুলতবি করা হয়েছে বলে আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন। সরকার পক্ষে মঙ্গলবার শুনানিতে অংশ নিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বলেন, "সরকার অনুমোদন দিলে কোনও মামলা জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত হয়।" আদালত জানতে চান, "অনুমোদন দেওয়ার ফলে কী হয়?" জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, "অভিযুক্তদের জামিন দেওয়া যাবে না এবং মামলার দ্রুত বিচার হবে। এছাড়া দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।" শুনানির সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল আদালতে উপস্থিত ছিলেন। শেখ হাসিনার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। হাসিনার মামলার আপিল শুনানিকে কেন্দ্র করে মঙ্গলবারও সকাল থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এবং আদালতের ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়। আদালতের প্রতিটি প্রবেশ পথে এদিনও তল্লাশি করা হয়। গত ২৬ ফেব্র"য়ারি আপিল বিভাগ শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল করার আবেদন মঞ্জুর করে। পাশাপাশি হাইকোর্টের রায় ও নিু আদালতে মামলার কার্যক্রম স্থগিত রাখারও নির্দেশ দেওয়া হয়। হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্তি অবৈধ ও মামলাটি বাতিল ঘোষণা করে হাইকোর্ট গত ৬ ফেব্র"য়ারি রায় দেয়। ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। ২৪ জুলাই এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। তাতে শেখ হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়। গত ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালতে তিন আসামির বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন হয়। মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদির কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন। হাসিনাকে গতবছর ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়। ওইদিনই এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করে হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/এমএ/১৪৩০ঘ.