ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ভাসমান মানুষের রাত যাপনের জন্য মিরপুরে একটি সরকারি আবাসন কেন্দ্র হচ্ছে। 'রাত্রিনিবাস' নামের এ আবাসন কেন্দ্রটি চলতি মাসেই চালু হবে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য স্থানেও একই ধাচের কেন্দ্র গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এ এস এম রাশিদুল হাই সাংবাদিকদের এ তথ্য জানান।
মিরপুর ছয় নম্বর সেকশনে গড়ে তোলা কেন্দ্রটিতে বিনা ভাড়ায় তিনশ'র মতো ভাসমান মানুষ সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত থাকতে পারবেন। জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমন মানুষরাই সেখানে প্রাধান্য পাবেন।
সচিব এ এস এম রাশিদুল হাই বলেন, "রাজপথে ঠিকানাবিহীন ও ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের থাকা ও ঘুমানোর ব্যবস্থা করতেই পাইলট প্রকল্প হিসেবে কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। প্রাথমিকভাবে মন্ত্রণালয়ের অধীনে থাকা গণপূর্ত অধিদপ্তরের পরিত্যক্ত একটি ভবন এজন্য সংস্কার করা হয়েছে।"
তিনি জানান, প্রাথমিকভাবে রাত্রিনিবাসে মেঝেতে থাকার ব্যবস্থা করা হবে। আশানুরূপ সাড়া পাওয়া গেলে পরে চার স্তরবিশিষ্ট বিছানার ব্যবস্থা করা হবে। 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে ভাসমানরা সেখানে থাকার সুযোগ পাবেন।
পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন স্থানে সরকারি জমি ও স্থাপনায় এ ধরনের আরও আবাসন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা আছে জানিয়ে সচিব বলেন, "বেসরকারি সংস্থাগুলো এ প্রকল্পের অংশীদার হতে চাইলে সরকার তাদের জমি দিয়ে সহায়তা করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসএনডি/২২২৯ ঘ.
bdnews24