২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাকিমদের জনবল বিধিমালায় রাষ্ট্রপতির স্বাক্ষর হলেও গেজেট হয়নি

বিচার বিভাগীয় হাকিমদের জন্য সহায়ক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালার গেজেট আগামী ৫ মার্চ আদালতে উপস্থাপন করতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই দিন পর্যন্ত এ বিষয়ে শুনানি মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার সকাল সাড়ে ৯টায় এই আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 06:31 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বিচার বিভাগীয় হাকিমদের জন্য সহায়ক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালার গেজেট আগামী ৫ মার্চ আদালতে উপস্থাপন করতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই দিন পর্যন্ত এ বিষয়ে শুনানি মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার সকাল সাড়ে ৯টায় এই আদেশ দেয়। গত ২৬ ফেব্র"য়ারি বিচার বিভাগীয় হাকিমদের জন্য সহায়ক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা জারি করে এর গেজেট ৩ মার্চ আদালতে উপস্থাপন করতে সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই নির্দেশ সত্ত্বেও সরকার ওই বিধিমালার গেজেট আদালতে উপস্থাপন করেনি। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল এ বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ আদালতে উপস্থাপন করে শুনানিতে বলেন, "হাকিমদের জনবল নিয়োগ বিধিমালায় প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। রাষ্ট্রপতিও রোববার রাতে এতে স্বাক্ষর করেছেন। আজই (সোমবার) এর গেজেট জারি হবে।" অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার স্বাক্ষর করা এ বিধিমালা আদালতে উপস্থাপন করেন। আদালত গেজেট জারি করে বুধবারের মধ্যে আদালতে উপস্থাপন করার নির্দেশ দেন। আদালত থেকে বের হয়ে অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাকিমদের জনবল নিয়োগ বিধিমালার গেজেট আজই জারি হয়ে যাবে। ৫ মার্চ এ গেজেট আদালতে উপস্থাপন করতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।" গত ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সদ্য নিয়োগপ্রাপ্ত বিচার বিভাগীয় হাকিমদের আনুষঙ্গিক কর্মচারী ও যানবাহনসহ যাবতীয় বিষয়ে আইন, পূর্ত ও সংস্থাপন মন্ত্রণালয়ের গত বছরের সর্বশেষ চিঠির ভিত্তিতে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছিল। পরে এ নির্দেশনা বাস্তবায়নে আদালত সরকারকে বেশ কয়েক বার তাগিদ দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশে সরকার গত ২০০৭ সালের ১ নভেম্বর বিচার বিভাগ পৃথককরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। ওইদিন থেকে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে কাজ শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১২২৬ঘ.