২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পবনকে আদালতে না আনলে কারা ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা

বিএনপি নেতা খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আখতার হামিদ খান পবনকে আদালতে হাজির করতে ব্যর্থ হলে কারা ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 01:45 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আখতার হামিদ খান পবনকে আদালতে হাজির করতে ব্যর্থ হলে কারা ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে আদালত। অস্ত্র মামলায় সাক্ষ্যগ্রহণের ধার্য দিনে অসুস্থতার কারণ দেখিয়ে পবনকে আদালতে হাজির না করায় বুধবার ঢাকার ১১ নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক কিরণ শংকর হালদার এ আদেশ দেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এই আদেশের অনুলিপি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারকে পাঠানোরও নির্দেশ দেন বিচারক। আদালতের আদেশে বলা হয়, পবনের স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড করা হয়েছিল। ওই বোর্ড গত ২৪ ফেব্র"য়ারি জানায়, আসামির শারীরিক অবস্থা সন্তোষজনক। অথচ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. মোহাম্মদ হাসান মুরাদ জানিয়েছেন পবন অসুস্থ। যা মেডিকেল বোর্ডের মতামতের পরিপন্থী। আগামি ২ মার্চ এ মামলায় সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করে ওইদিন পবন ও বাকি ৪ আসামিকে আদালতে হাজির করার জন্য কারা ও হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারক। তিনি বলেন, ধার্য তারিখে আসামিকে আদালতে হাজির করতে ব্যর্থ হলে কারা ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। র‌্যাব-৪ এর ডিএডি মো. এনায়েত আলী গত বছরে ৩০ অক্টোবর পবন ও তার ৪ সহযোগীর বিরুদ্ধে পল্লবী থানায় এই অস্ত্র মামলা দায়ের করেন। ওই বছরের ২১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় অভিযোগ করা হয়, গত বছরের অক্টোবরে পবনের সহযোগী মো. আনোয়ার হোসেন ও মাসুদ আলী অপুকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তারের পর তারা জানায়, এসব অস্ত্র তারা পেয়েছে পবনের খালাতো ভাই নাহিদ ও দেলোয়ারের কাছে থেকে। পরে দেলোয়ার জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, ওই অস্ত্রের আসল মালিক পবন। এরপর গত ৩০ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটি থেকে পবনকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/১৯৩৫ ঘ.