মৌলভীবাজার, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে শনিবার রাতে এক যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। যাত্রীর বেশে গাড়িতে ওঠা ডাকাতরা নগদ টাকাসহ দু'লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে।
গাড়ির চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। এদের দুজনেরই বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ও বাসযাত্রী আলাউদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৌহিদ পরিবহন নামের একটি বাস ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে শ্রীমঙ্গলের লছনা বাজার অতিক্রম করে পাহাড়ি এলাকায় ঢোকার পর যাত্রীবেশী ছয়-সাতজন ডাকাত বাসের নিয়ন্ত্রণ নেয়। তারা যাত্রীদের সর্বস্ব ছিনিয়ে নিয়ে কামাইছড়া এলাকায় নেমে যায়।
এদিকে বাসের যাত্রীদের চিৎকার শুনে কামাইছড়া ফাঁড়ি পুলিশ থামার সিগন্যাল দিলেও চালক বাস চালিয়ে যেতে থাকে। পরে পুলিশ প্রায় পাঁচ কিলোমিটার পিছু ধাওয়া করে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে বাসটি আটক করে।
বাস যাত্রী রইছ উদ্দিন জানান, ডাকাতরা তার কাছ থেকে লক্ষাধিক টাকা দামের একটি ভিডিও ক্যামেরা, একটি মোবাইল সেট ও নগদ পাঁচ হাজার টাকা এবং তার বন্ধু জাবেদের কাছ থেকে একটি মোবাইল সেট নিয়ে যায়।
ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাতরা ৩০/৩৫ জন যাত্রীর কাছ থেকে প্রায় দু'লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে বাস চালক সৈয়দ মিয়া (৪০) ও হেলপার ছাদিরকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।"
মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/০০৩৬ঘ.
bdnews24