চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে পিকনিকের গাড়ি দুর্ঘটনায় নিহত গার্মেন্টস কর্মীসহ ১৩জনকে শুক্রবার চট্টগ্রামের বিভিন্নস্থানে দাফন করা হয়েছে।
চট্টগ্রামের ট্রেডস্ক্যান অ্যাপারেলস লিমিটেডের কর্মীদের পিকনিকের গাড়ি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগর জেটির রাস্তার মাথায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট ও আগুনে পুড়ে ১৩ জন এবং গাড়িটির নিচে পড়ে একজন প্রাণ হারায়। নিহতদের মধ্যে ১০ জন গার্মেন্টস কর্মী, একজন বাসের হেলপার, একজন মাইকম্যান, একজন পথচারী ও একটি তিন বছর বয়সী শিশু ছিল।
ট্রেডস্ক্যান অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইসতিয়াকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার নিহতদের ১২ জনকে নগরীর মনসুরাবাদ, লালখান বাজার ও আমবাগান এলাকায় এবং একজনকে হাটহাজারিতে দাফন করা হয়েছে। নিহত পথচারীকে দাফন করা হয় কক্সবাজারে।
বিজিএমইএর সিনিয়র উপ সচিব আবদুল আজিজ চৌধুরী জানান, নিহত গার্মেন্টস কর্মীদের ক্ষতিপূরণ দেওয়া হবে। তাদের ইন্স্যুরেন্স থাকায় প্রত্যেক কর্মীর পরিবার এক লাখ টাকা করে পাবেন। এছাড়া বিজিএমইএ আহতদের চিকিৎসার ব্যবস্থা এবং দাফনের জন্য টাকা দিয়েছে।
ট্রেডস্ক্যানের ব্যবস্থাপনা পরিচালক জানান, দুর্ঘটনার পর কারখানা কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিজিএমইএ'র নেতারা ঘটনাস্থলে যান। সেখানে বিজিএমইএ নেতাদের উপস্থিতিতে স্থানীয় প্রশাসন নিহতদের স্বজনদের লাশ বুঝিয়ে দেয়।
তিনি জানান, বিজিএমইএ'র নিয়ম মতে প্রত্যেক শ্রমিকদের বিপরীতে ইন্স্যুরেন্স করা আছে এবং প্রতিটি পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।
বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি এম এ ছালাম এক বিজ্ঞপ্তিতে মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএএসবি/২০২৪ ঘ.
bdnews24