সিলেট, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট এমসি কলেজ এলাকা থেকে শুক্রবার রাতে আব্দুল লতিফ নামে একজন শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে।
সিলেট কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. চাঁন মিয়া সাংবাদিকদের জানান, আব্দুল লতিফের কাছে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে তিনি কানাইঘাট উপজেলার স্কুল শিক্ষক। তিনি ছিলেন সিলেট সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের শিক্ষার্থী।
তিনি জানান, এমসি কলেজের ডাকঘরের পেছনে রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। লাশের সঙ্গে পাওয়া একটি মোবাইল ফোন নম্বরে ওই শিক্ষকের বাড়িতে খবর দেওয়া হয়েছে।
শনিবার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁন মিয়া জানান, লাশের ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আব্দুল লতিফ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার পরিবারও জানিয়েছে তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন।
সিলেট সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমল কান্তি চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুল লতিফ কানাইঘাটের ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। তিনি গত ৩০ জানুয়ারি থেকে ১৪ দিনের একটি কোর্সে অংশ নিচ্ছিলেন।
কানাইঘাটের সাংবাদিক আলিম উদ্দিন জানান, আব্দুল লতিফ কানাইঘাটের চাওরা গ্রামের বাসিন্দা। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার বিকালে তিনি বাড়ি ফেরেন। শুক্রবার বিকালে সিলেটের পথে রওনা হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৩৮ ঘ.
bdnews24