ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগে সোমবার একটি মহিষের আক্রমণে এক শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
আহতদের তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন বাড্ডার রুবেল (৯), সাতারকূলের মিলন (১৭) এবং পশ্চিম মালিবাগের জাহাঙ্গীর (৩৫)। এদের মধ্যে রুবেলের পেটে, মিলনের মাথায় এবং জাহাঙ্গীরের পেটে আঘাত লেগেছে।
হাসপাতালে ভর্তি আহতরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় পশ্চিম মালিবাগ তাকুয়া মাদ্রাসার পাশে হঠাৎ করে একটি মহিষ তাদের দিকে ছুটে এসে শিং দিয়ে আঘাত করে। এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
রমনা থানার উপ-পরিদর্শক ফরিদা খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জবাই করার সময় সকালে বাড্ডা বাজার থেকে একটি মহিষ দড়ি ছিড়ে ছুটে যায়। পরে লোকজন মহিষটিকে তাড়া করে ধরার চেষ্টা করে। মহিষটি ছুটতে ছুটতে মালিবাগ বাজার পর্যন্ত চলে আসে। খবর পেযে থানার একটি টহল দলকে সেখানে পাঠানো হয়। পরে এলাকাবাসীর সহায়তায় মালিক মহিষটিকে আটক করে নিয়ে যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/১৯১৪ ঘ.
bdnews24