২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু শক্তি অবকাঠামো নির্মাণে সহযোগিতা দেবে রাশিয়া

শান্তিপূর্ণ লক্ষ্যে পরমাণু শক্তি উৎপাদনের অবকাঠামো গড়ে তুলতে বাংলাদেশকে সহযোগিতা করবে রাশিয়া। বুধবার পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত গেন্নাদি ট্রটসেনকো এক বৈঠকে এ আশ্বাস দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 05:00 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তিপূর্ণ লক্ষ্যে পরমাণু শক্তি উৎপাদনের অবকাঠামো গড়ে তুলতে বাংলাদেশকে সহযোগিতা করবে রাশিয়া। বুধবার পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত গেন্নাদি ট্রটসেনকো এক বৈঠকে এ আশ্বাস দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই বৈঠক শেষে উপদেষ্টা ইফতেখার বলেন, "পরমাণু শক্তি ব্যবহারে অবকাঠামোগত উন্নয়নে রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।" এছাড়া রাষ্ট্রদূত বাণিজ্যবৃদ্ধি এবং কৃষি, তেল ও গ্যাস খাতে সহযোগিতার আগ্রহ দেখিয়েছেন। গত বছর মস্কো সফরে ইফতেখার আহমদ চৌধুরী রাশিয়ার পররাষ্ট্র উপদেষ্টা সেরগেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে পাবনার রূপপুরে পরমাণু চুল্লি স্থাপন বিষয়ে আলোচনা করেন। সেসময় তিনি এক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা চান। রূপপুরে পারমাণবিক শক্তিকেন্দ্র গড়ে তোলার জন্য পাকিস্তান আমল থেকে একটি পরিকল্পনা রয়েছে। মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির সঙ্গে বৈঠকের প্রায় চার ঘণ্টা পর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাত হয়। মরিয়ার্টি সাংবাদিকদের জানান, তিনি মুসলিম অধ্যুষিত কসোভো রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে রুশ দূত কসোভোকে স্বীকৃতি না দিতে বাংলাদেশকে অনুরোধ করেছেন কিনা পররাষ্ট্র উপদেষ্টা তা নিশ্চিত করে বলেননি। গত ১৭ ফেব্র"য়ারি বলকান রাষ্ট্র সার্বিয়া থেকে বিভক্ত হয়ে কসভো স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সার্বিয়ার ঐতিহ্যগত মিত্র রাশিয়া কসভোর স্বাধীনতার ঘোর বিরোধী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২২৩৩ঘ.