সায়েদ তালাত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ১৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ইংরেজি নববর্ষের আগের রাত 'থার্টি ফার্স্ট নাইটে' রাজধানীতে সন্ধার পর থেকেই পাঁচতারকা হোটেল বাদে সব বার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জরুরি অবস্থা উঠে যাওয়া ও নির্বাচনী পরিবেশের যুগপৎ কারণে এবছর এদেশে 'থার্টি ফার্স্ট নাইট' হিসেবে পরিচিত নিউ ইয়ার্স ইভ এ রাজধানীতে উচ্ছংৃঙ্খলতার আশংকা করে নিরাপত্তা সংস্থাগুলো
আগে থেকেই ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।
বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছয়টি বিশেষ টিম গঠন করেছে। প্রতিটি টিমে আটজন করে অধিদপ্তরের কর্মী ও পুলিশ থাকবে। এরা সারারাত ঢাকা নগরীর স্পর্শকাতর এলাকাগুলোয় টহল দেবে। টহলের পাশাপাশি এরা ঝটিকা অভিযানও চালাবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক (ঢাকা জোন) ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেন," রাজধানীতে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্যে আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকব। বিকেল পাঁচটার পর থেকেই সবগুলো বাণিজ্যিক বার বন্ধ করে দেওয়া হবে।"
ফজলুর রহমান আরো জানান গুলশান, বনানী, ধানমন্ডিসহ সব অভিজাত এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও পুরনো ঢাকায় বিশেষ টহল দেওয়া হবে। এছাড়া যেসব এলাকায় মাদকের সমস্যা আছে, যেমন বিএনপি বস্তি, মুন্সিরটেক, সূত্রাপুর, টিঅ্যান্ডটি কলোনী ইত্যাদি এলাকায় কয়েকটি টিম কাজ করবে।
৩১ তারিখ সন্ধ্যার পর থেকেই রাস্তাগুলোয় চেকপোস্ট বসানো হবে জানিয়ে ফজলুর রহমান বলেন, যেকোন প্রকার মাদকসহ কাউকে পাওয়া গেলে তাদের আটক করা হবে। এছাড়া বিভিন্ন ক্লাব, কূটনৈতিক এলাকা এবং অভিজাত এলাকার পার্টিগুলোয় যাতে বাইরে থেকে কেউ প্রবেশ করতে না পারে সেটিও দেখবে টহলটিমগুলো।
ফজলুর রহমান আরো জানান, নির্বাচনের সময় যাতে মাদকদ্রব্য ব্যবহার করা না হয়, এ জন্যে তিনটি টিম কয়েকদিন আগে থেকেই কাজ শুরু করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটি/এসকে/২০৫৬ঘ.
bdnews24