ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- তড়িঘড়ি করে রেললাইন পার হওয়ার সময় সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজার-টঙ্গী ডাইভারশন রোডে ট্রেনের ধাক্কায় বাস ও প্রাইভেটকার চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেছে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ট্রেন আসার আগে প্রতিবন্ধকটি ফেলার সময় বাসটি তড়িঘড়ি করে লাইনের ওপরে উঠে যানজটে আটকা পড়ে। রাস্তার অন্য পাশে তখন যানজটের কারণে রেল লাইনের শেষ সীমা পর্যন্ত গাড়ি ছিল। কিছুক্ষণের মধ্যেই একটি ট্রেন সজোরে বাসটিকে ধাক্কা মেরে আইল্যান্ডের ওপর তুলে দেয়। এসময় বাসের সামনে থাকা একটি প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়। তবে যাত্রীরা আগেই গাড়ি থেকে নেমে যাওয়ায় কেউ আহত হয়নি।
রেল পুলিশের (জিআরপি) সহকারী উপ-পরিদর্শক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রভাতী-বনশ্রী পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব ১১ ০০৪৪) ট্রেন আসার আগে প্রতিবন্ধক ফেলার সময় লাইন উঠে পড়ে। এসময় ওই বাসের সামনে-পেছনে যানজটে সব স্থবির হয়ে ছিল।
প্রত্যক্ষদর্শী প্রকৌশলী সায়েম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, যাত্রীদের নিষেধ সত্ত্বেও চালক বাসটি লাইনের ওপরে তুলে দিয়ে যানজটে আটকা পড়ে। এরপর ট্রেন আসতে পারে এ আশঙ্কায় যাত্রীরা সবাই নেমে পড়ে।
ঘটনার পর আধঘণ্টার মতো ওই সড়কে যানচলাচল বন্ধ ছিল। পুলিশ রেকার দিয়ে বাস ও কার সরিয়ে নেওয়ার পর চলাচল আবার শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১০৬ঘ.
bdnews24