কিশোরগঞ্জ, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজনেতিক দলগুলো দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও সাজাপ্রাপ্তদের মনোনয়ন না দেওয়ার অনুরোধ রাখেনি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ।
তিনি বলেন, "আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন রেখেছিলাম যেন দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও সাজাপ্রাপ্তদের মনোনয়ন না দেয়। কিন্তু রাজনৈতিক দলগুলো সীমাবদ্ধতা, দুর্বলতা ও ব্যর্থতার কারণে তা পালন করেনি। বিষয়টি টিআইবি জনগণের সামনে তুলে ধরবে।"
মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), কিশোরগঞ্জ শাখা আয়োজিত আলোচনা সভার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অধ্যাপক মোজাফফর এ কথা বলেন।
যুদ্ধপরাধী ও দুর্নীতিবাজদের ব্যাপারে ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আশা করি বিজয়ের মাসে যারা স্বাধীনতা বিরোধী ও দুর্নীতিবাজ তাদের ক্ষেত্রে ভোটাররা অত্যন্ত সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন।"
কিশোরগঞ্জ শাখা সনাক'র আহ্বায়ক এ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে প্রেসক্লাব মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- কিশোরগঞ্জের জেলা প্রশাসক এ এস এম মাহবুবুল আলম, পুলিশ সুপার ফারুক আহমদ, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন প্রমূখ।
আলোচনা সভায় অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, "দেশ থেকে দুর্নীতি সম্পূর্ণ নির্মূল সম্ভব নয়। তবে নিয়ন্ত্রণ করা সম্ভব। বিশ্বের উন্নত দেশগুলোও দুর্নীতি নির্মূল করতে পারেনি। তবে ওইসব দেশে কেউ দুর্নীতি করলে তার দৃষ্টান্তমূলক সাজা হয়। আমাদেরকেও দুর্নীতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে।"
তিনি আরও বলেন, "নির্বাচনী ব্যয় বাড়িয়ে সৎ মানুষকে নির্বাচিত করা সম্ভব নয়। সৎ মানুষকে আনতে হলে নির্বাচনী ব্যয় কমাতে হবে।"
এর আগে সকালে কিশোরগঞ্জ টিআইবি কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৭ ঘ.
bdnews24