২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে মৌলভী বাজার ব্যবসায়ীদের বিক্ষোভ

পাওনা টাকা নিয়ে আলোচনার সময় হামলার প্রতিবাদে শনিবার দুপুর পর্যন্ত বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন রাজধানীর মৌলভী বাজারের ব্যবসায়ীরা। পরে হামলাকারীদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশের আশ্বাস পেয়ে দেশের বৃহত্তম এ পাইকারি বাজারের ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2008, 05:43 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাওনা টাকা নিয়ে আলোচনার সময় হামলার প্রতিবাদে শনিবার দুপুর পর্যন্ত বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন রাজধানীর মৌলভী বাজারের ব্যবসায়ীরা। পরে হামলাকারীদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশের আশ্বাস পেয়ে দেশের বৃহত্তম এ পাইকারি বাজারের ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক জানান, কেরানীগঞ্জের জিঞ্জিরার আবদুর রহমান নামে একজনের কাছে মৌলভীবাজারের কয়েক ব্যবসায়ীর প্রায় আড়াই কোটি টাকা পাওনা রয়েছে। বিষয়টি মধ্যস্ততার ভার নেন জিঞ্জিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাদ্দেদ আলী বাবু। গত বৃহস্পতিবার ব্যবসায়ী নেতারা জিঞ্জিরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মধ্যস্ততার জন্য গেলে চেয়ারম্যানের উপস্থিতিতেই তাদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ব্যবসায়ী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ আট থেকে ১০ জন আহত হন। এর প্রতিবাদে শনিবার সকাল থেকে মৌলভী বাজারের প্রায় সাড়ে পাঁচ হাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসেন। তারা রাস্তা অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিকাল ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের উপ কমিশনার খন্দকার মুহিদ উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেন। ব্যবসায়ীরা এরপর অবরোধ প্রত্যাহার করে নেন। রাতে লালবাগ থানার উপ-পরিদর্শক মো. সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করলেও দোকানপাট খোলেননি। হামলার ঘটনায় মৌলভী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা আব্দুর রহমান, তার বড়ভাই হাজী আলমগীর, অপু, জাহাঙ্গীর হোসেন ও রকিব হোসেনসহ অজ্ঞাত কয়েকজন আসামি করে কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন। এদিকে, কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক তানভরিুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আমানত (৪০), সোহেল (২৮) ও রমজান (২৫) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/২৩৩৬ ঘ.