ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে একটি অর্থ আত্মসাতের মামলায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মামুনের উপস্থিতিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম রাশেদ কবির এ আদেশ দেন।
৮ কোটি ৪০ লাখ ৬২ হাজার টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের অভিযোগের মামলায় বিচারক এ আদেশ দেন।
জাপান বাংলাদেশ গ্র"পের চেয়ারম্যান সেলিম প্রধান গত বছর ৩১ মে গুলশান থানায় মামুনসহ তিন জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়, মামুন তার ওয়ান স্পিনিং মিলস লিমিডেটের শেয়ার বাদী সেলিম প্রধানকে দেওয়ার জন্য তাকে গ্যারান্টর করে ১ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেন এবং ৭৬ লাখ টাকা নগদ গ্রহণ করেন। কিন্তু কথা অনুযায়ী শেয়ার না দেওয়ায় এ মামলা দায়ের করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন, কাওসার হাসান বাপ্পি ও রাজিব সিরাজ। মামুনকে গত বছর ৬ জুন এ মামলায় ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮২৯ঘ.
bdnews24