ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা সোমবার বলেছেন, স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়ার ধারণার সঙ্গে জরুরি অবস্থা মোটেও সঙ্গতিপূর্ণ নয়।
আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হতে পারে সেদিকে গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান তিনি।
সোমবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে কমলেশ শর্মা বলেন, "আমি আগেও এ ব্যাপারে কমনওয়েলথের অবস্থান ব্যাখ্যা করে বলেছি যে, স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়ার ধারণার সঙ্গে জরুরি অবস্থা মোটেও সঙ্গতিপূর্ণ নয়।
"নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে ও নিরাপদে অনুষ্ঠিত হতে পারে তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। আর সরকার ও নির্বাচন কমিশনকেই তা করতে হবে।
"আমাদের প্রত্যাশা, জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে। কিন্তু এটি সরকারের নীতি নির্ধারণী বিষয়। জনগণের মতামতের ভিত্তিতে সরকারকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।"
কমনওয়েলথ মহাসচিব এর আগে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদাসহ ঢাকায় কমনয়েলথভুক্ত দেশগুলোর হাইকমিশনারদের সঙ্গে বৈঠক করেন।
সংবাদ সম্মেলনে কমলেশ শর্মা জানান, আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠাতে বাংলাদেশ সরকার কমনওয়েলথকে আমন্ত্রণ জানিয়েছে। নির্বাচনপূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে সংস্থাটির একটি 'অ্যাসেসমেন্ট দল' আগামী ৮ বা ৯ নভেম্বর ঢাকায় আসবে।
ওই প্রতিনিধি দলের মতামতের ভিত্তিতেই নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে কমনওয়েলথ।
দুদিনের সফরে কমলেশ শর্মা রোববার বাংলাদেশে আসেন। মঙ্গলবার সকালে তার ঢাকা ত্যাগ করার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এসএনডি/এসকে/২২৩৭ঘ.
bdnews24