ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে কোনো বিদেশি রাষ্ট্রের অনুদানপ্রাপ্ত এনজিওর প্রধান কার্যনির্বাহীর প্রার্থী হতে বাধার বিধান কেন বাতিল করা হবে না- জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করেছে।
সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা নির্বাচন অধ্যাদেশে এনজিওর প্রধান কার্যনির্বাহী থাকার সময় ও অবসরের এক বছর পার না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।
বিধানটি কেন বাতিল করা হবে না- তা তিন সপ্তাহের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতির সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনকে জানাতে বলেছে আদালত।
সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ড. মো. গোলাম রহমান ভুঁইয়ার করা জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রেজাউল হকের বেঞ্চ এ আদেশ দেয়।
রিটকারী পক্ষে শুনানিতে অ্যাডভোকেট মইনউদ্দিন ফারুকী বলেন, "সংবিধান অনুযায়ী বাংলাদেশের একজন নাগরিকের নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার রয়েছে। আইন করে সেই অধিকার খর্ব করা যায় না।"
তিনি আরও বলেন, "সংবিধানের ৫৮ ঘ অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার কোনো নীতি নির্ধারণী কাজ করতে পারে না। তাই এ সরকারের সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা নির্বাচন অধ্যাদেশ জারির ক্ষমতা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/জিএনএ/২২০৫ ঘ.
bdnews24