ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার সকালে মহাখালী থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া তরুণীর লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম শারমিন আকতার (২২)। তবে স্বামী সোহেল আহমেদের দাবি, এটি তার স্ত্রী শারমিন আকতারের লাশ নয়।
শারমিন আকতারের মামাতো বোনের স্বামী মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে তারা লাশ সনাক্ত করেন।
মোবারক হোসেন বলেন, খিলগাঁও এলাকার সোহেল আহমেদের সঙ্গে শারমিনের বিয়ে হয়েছিল। বিয়ের পর তারা বনশ্রীতে থাকতো। তাদের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তাছাড়া শারমিন অন্তস্বত্তা ছিল।
সংক্রামক ব্যাধি হাসপাতালের পাশে স্টাফ কোয়ার্টার এলাকায় লাশটি পাওয়া যায়।
বোনের স্বামী মোবারক জানান, সোহেল আহমেদ গত ৮ অক্টোবর বগুড়া গিয়ে পরের দিন ঢাকায় এসে স্ত্রী-সন্তানকে পাচ্ছেন না বলে দাবি করেন। এ ব্যাপারে পুলিশের সহযোগিতার জন্য সোহেলকে নিয়ে খিলগাঁও থানায় যাওয়া হলে তিনি কৌশলে সরে পড়েন বলে দাবি করেন মোবারক। শনিবার শারমিনের লাশের সন্ধান পাওয়ার পর মর্গে আসতে বলা হলেও তিনি আসেননি।
তবে সোহেল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মর্গে থাকা লাশটি তার স্ত্রীর নয়। বগুড়া থেকে ঢাকার বাসায় ফিরে তিনি তার স্ত্রী ও সন্তানকে পাননি। খোঁজ করে কোথাও না পেয়ে তিনি থানায় দু'টি সাধারণ ডায়েরি করেন। তার স্ত্রী এবং সন্তানকে শাশুড়ি কৌশলে লুকিয়ে রেখেছেন বলে দাবি করেন সোহেল।
এক প্রশ্নের জবাবে সোহেল জানান, তিনি নিজে মর্গে লাশ দেখতে যাননি। তার বাবা এবং ভাই দেখে বলেছেন লাশটি শারমিনের নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২০০৪ঘ.
bdnews24