ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিভিন্ন এলাকার দোকানগুলোতে বিক্রি হচ্ছে স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর মেলামাইন পাওয়া বিভিন্ন ব্রান্ডের গুঁড়োদুধ। বিক্রেতারা বলছেন কোম্পানি বা সরকারের পক্ষ থেকে এগুলো বিক্রি না করতে তাদের কোনও নির্দেশনা দেওয়া হয়নি। তবে বিক্রি বেশ কমে গেছে বলেও তারা জানিয়েছেন।
আটটি ব্র্যান্ডের গুঁড়োদুধে মেলামাইনের অস্তিত্ব পাওয়া যাওয়ায় বৃহস্পতিবার রাতে সরকার তথ্যবিবরণীর মাধ্যমে আপাতত তা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। আটটি ব্র্যান্ড হচ্ছে: চীনের সুইটবেবি, ইয়াশলি-১, ইয়াশলি-২, নিডো ফর্টিফাইড ইন্সট্যান্ট, অ্যানলিন, অস্ট্রেলিয়ার ডিপ্লোমা, রেডকাউ এবং ডেনমার্কের ডানো।
শুক্রবার সকালে নিউ মার্কেট কাঁচা বাজারে তাজবীদ স্টোরে গিয়ে দেখা যায়, আটটির মধ্যে পাঁচটি ব্রান্ডেরসহ অন্যান্য গুঁড়োদুধ দোকানটিতে থরে থরে সাজানো রয়েছে । বিক্রেতা আব্দুস সালাম বললেন, "হ, হুনছি কয়েকডা কোম্পানির দুধ খাইতে নিষেধ করছে। তবে আমরারে অহনও কিছু জানায়নি কোম্পানি। কোম্পানি যদি দুধ ফিরত না নেয় তয় আমারে তো য্যামনে হউক ব্যাচতে হইবো।"
আরেকটি দোকানের মালিক আহসান হাবিব জানান, এইসব দুধ বিক্রি না করার জন্য তাদের কেউ মৌখিক বা লিখিতভাবে নির্দেশ দেননি।
নিউ মার্কেটে ডানো গুঁড়ো দুধ কিনতে দেখা গেল দম্পতি আসাদুল ইসলাম এবং মরিয়ম তাবাসসুমকে। তারা জানালেন, সপ্তাহের বাজার একদিনেই করেন। তাই শুক্রবার সকালে উঠে দুজনেই বাজারে এসেছেন। পত্রিকা দেখেননি।
দুধের বিষয়ে আসাদুল বললেন, "আমরা তো দীর্ঘদিন থেকে এ দুধ ব্যবহার করে আসছি। কোনও সমস্যা হয়নি।"
তোপখানা রোডের মুদি দোকানের মালিক মোদাচ্ছের শুক্রবার দুপুরে বলেন, "মানুষ দুধ কিনছেন এবং আমরা বিক্রি করছি। সকাল থেকেই চারটি রেডকাউ ও নিডো ৪০০ গ্রামের প্যাকেট বিক্রি করেছি।"
বাসাবোর অতীশ দীপঙ্কর রোডের দোকানগুলোতেও বিক্রি হচ্ছে এইসব গুঁড়োদুধ। রাতুল স্টোরের কিশোর বিক্রয়কর্মী ইব্রাহিম বললো, "মানুষ কিনতেছে, আমরা দিতেছি। আমাদের তো কেউ বেচতে না করেনি।"
ধানমণ্ডি ও শঙ্করের বিভিন্ন দোকানেও বিক্রি হয়েছে এইসব গুঁড়োদুধ। শঙ্করের একটি দোকানের বিক্রেতা আজিজ জানালেন, শুক্রবার সারাদিনই তারা এ সমস্ত ব্রান্ডের দুধ বিক্রি করেছেন। তবে অন্যান্য দিনের তুলনায় এদিন গুঁড়োদুধের বিক্রি অনেক কম হয়েছে।
ধানমণ্ডির বিভিন্ন নামকরা ডিপার্টমেন্টাল স্টোরেও সাজানো রয়েছে এইসব দুধ। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিক্রেতা জানান, গুঁড়োদুধ সাজিয়ে রেখেছেন ঠিকই, তবে বিক্রি অন্য দিনের তুলনায় অনেক কম। "ক্রেতা যদি কোনও আপত্তি তোলে তবে আমরা তাকে দুধ না কিনতে পরামর্শ দিচ্ছি। আমাদের কর্তৃপক্ষের কাছে এগুলো বিক্রি না করার কোনও নির্দেশনা আসেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/২১০৪ ঘ.
bdnews24