২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা শিথিল করে নির্বাচনের পক্ষে যুক্তরাজ্য: ব্রাউন

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জরুরি অবস্থা শিথিল করে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি সমর্থন করে ব্রিটেন। সফররত ব্রিটিশ মন্ত্রী লর্ড ম্যালোক ব্রাউন বুধবার দুই উপদেষ্ঠার সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 12:08 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জরুরি অবস্থা শিথিল করে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি সমর্থন করে ব্রিটেন। সফররত ব্রিটিশ মন্ত্রী লর্ড ম্যালোক ব্রাউন বুধবার দুই উপদেষ্ঠার সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রাউন সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের বর্তমান সরকারের বিদায়ের দিন গুণছে। তারা চায় বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের জাতির উদ্দেশে দেওয়া সর্বশেষ ভাষণ সমর্থন করে তিনি বলেন, "আমরাও জরুরি অবস্থা সম্পূর্ণ প্রত্যাহার না করে শিথিলের বিষয়টি সমর্থন করি।" জরুরি অবস্থা প্রত্যাহার করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বিএনপি ও আওয়ামী লীগসহ বিভিন্ন দল। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার আলোচনার বিষয় জানতে চাওয়া হলে ব্রাউন বলেন, "আমি তাকে যা বলেছি, তত্ত্বাবধায়ক সরকারের অন্য উপদেষ্টাদের সঙ্গে দেখা করেও একই কথা বলব। আর তা হল- আমরা ১৮ ডিসেম্বর বাংলাদেশে জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যেরকম পরিবেশ দরকার সেরকম পরিবেশে নির্বাচন হবে আমরা এমনটি আশা করছি; যার মাধ্যমে এ দেশের জনগণ তাদের পছন্দের সরকার নির্বাচিত করবে।" বাংলাদেশের করণীয় বিষয়ে ব্রিটেন কোন নির্দেশনা দেবে না জানিয়ে তিনি বলেন, আমরা আশা করি সরকার, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন নিজেদের মধ্যে আলাপ-আলোচনারভিত্তিতে সমস্যার সমাধান করবে। ব্রিটিশ পররাষ্ট্র দফতরের এশিয়া, আফ্রিকা ও জাতিসংঘবিষয়ক মন্ত্রী ব্রাউন বলেন, "জরুরি অবস্থা যতটা সম্ভব শিথিল করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা যায়, আমরা সেরকম নির্বাচনের পক্ষে।" "আমি মনে করি ভালো নির্বাচন বলতে জরুরি আইনের আওতায় নয় বরং সাংবিধানিক আইনের কাঠামোয় অনুষ্ঠিত নির্বাচনকেই বোঝায়।" তবে সরকার দেশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত কিছু বিষয়ে শঙ্কিত বলে উল্লেখ করে তিনি বলেন, "আমাদের দেখতে হবে সরকার এসব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার বা এর কিছু বিধান শিথিল করতে পারে কিনা।" পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগে সকালে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের সঙ্গে দেখা করেন। তার সঙ্গে সাক্ষাৎ শেষেও ব্রাউন সাংবাদিকদের ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচন শিথিল জরুরি অবস্থায় মধ্যে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে মত প্রকাশ করেন। তিনি বলেন, "জরুরি অবস্থা রেখে নির্বাচন অনুষ্ঠান কোন সহজ পথ নয়। তারপরেও বাংলাদেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে তাতে নির্বাচনের সময় সামান্য পরিমানে জরুরি অবস্থা থাকতে পারে। নির্বাচনের সময় এ অবস্থা থাকলে তা অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে।" ব্রিটিশ প্রতিমন্ত্রী আরও বলেন, "সরকার বলছে, আইনশৃঙ্খলা রক্ষাসহ আরো কিছু কিছু প্রয়োজনে কোথাও কোথাও জরুরি অবস্থা রাখা দরকার। তবে আমি জোর দিয়ে বলছি, জরুরি অবস্থা যতটা কম রাখা যায় ততই ভাল।" সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের নির্বাচনের বিষয় ছাড়াও দুদেশের পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক অবস্থা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান। বৈঠকের বিষয়ে উপদেষ্টার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কোন কথা বলেননি। দুদিনের সফরে বুধবার সকালে ব্রাউন ঢাকা পৌঁছান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমকে/এএল/এমএইচবি/১৮৩৭ ঘ.