রাজশাহী, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতান্ত্রিক বাম মোর্চার রাজশাহী জেলা সমন^য়ক আমিনুল হককে পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ করেছেন মোর্চার কেন্দ্রীয় নেতারা।
সোমবার সকালে নগরীর সাহেব বাজার কলাপট্টি এলাকায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় নেতারা এ অভিযোগ করেন।
সর্বহারা পার্টির ক্যাডার হিসেবে পুলিশের তালিকা থেকে আমিনুল হকের নাম বাদ দেওয়ার এবং তাকে হয়রানি না করার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, ২০০৪ সালের ১ এপ্রিল থেকে বাগমারা অঞ্চলে বাংলাভাই বাহিনীর নির্যাতন শুরু হয়। ওই অভিযানে মূলত এলাকার প্রগতিশীল আন্দোলনের বহু মানুষকে খুন-গুম-নির্যাতন করা হয়েছে। তারা 'সর্বহারা' ও সন্ত্রাসী আখ্যা দিয়ে আমিনুল হকের বাড়িতে হামলা করে এবং তাকে হত্যার চেষ্টা চালায়। পরে আমিনুল হক পরিবারসহ রাজশাহী শহরে বসবাস শুরু করেন।
আমিনুল হক দীর্ঘদিন থেকে জনগণের বিভিন্ন সমস্যা, জঙ্গি-সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন দাবি করে মোর্চা নেতারা বলেন, তার বিরুদ্ধে স্বার্থান্বেষী মহল চক্রান্ত করছে।
সম্মেলনে বলা হয়, সর্বহারা ক্যাডার হিসেবে পুলিশের তালিকা থেকে আমিনুল হকের নাম বাদ দেওয়ার ব্যাপারে তার মায়ের এক আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ বিষয়টি তদন্ত করে। এরপর ২০০৭ সালের ৫ নভেম্বর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (এআইজি) মোজাম্মেল হোসেন এবং একই বছরের ২ সেপ্টেম্বর রাজশাহীর পুঠিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞা পৃথক দু'টি চিঠিতে রাজশাহীর পুলিশ সুপারকে জানান- আমিনুল হক সর্বহারা দলের সদস্য নয় বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
২০০৭ সালে বাগমারা থানা প্রণীত সর্বহারা ক্যাডারের তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্যও বলা হয়।
তারপরও আমিনুল হককে বাগমারা থানা পুলিশ হয়রানি করছে বলে বাম মোর্চার নেতারা অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- গনতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুস সালাম।
এতে আরও উপস্থিত ছিলেন- মোর্চাভুক্ত জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী, গণসংহতি আন্দোলন ও গণতান্ত্রিক বাম মোর্চা রাজশাহীর সমন্বয়ক মুরাদ মোর্শেদ, বাসদের রাজশাহী জেলা সমন্বয়ক অসীম চক্রবর্তী, জাতীয় কৃষাণীর সভানেত্রী অমলী কিসকু এবং আমিনুল হক।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খলিফা বলেন, "বিষয়টি আমরা শুনেছি। পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।"
সর্বহারা ক্যাডার হিসেবে আমিনুল হকের নাম পুলিশের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কি না তা তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১১ ঘ.
bdnews24