লক্ষ্মীপুর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লক্ষীপুর সদর উপজেলার কাদিরার গোজা এলাকায় মহাসড়কে রোববার রাতে চালককে জবাই করে সিএনজি চালিত একটি অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
অটোরিকশা চালক ইসমাইল হোসেন (৩৫) উপজেলার কামাল খোলা গ্রামের রেনু মিয়ার ছেলে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রোববার মধ্যরাতে যাত্রী সেজে দুই দুস্কৃতকারী লক্ষ্মীপুর আসার কথা বলে মজু চৌধুরীর হাট থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা (লক্ষীপুর-থ-১৯৫) ভাড়া করে।
কাদিারা গোজা এলাকায় আসার পর তারা চালককে জবাই করে হত্যা করে এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
তিনি জানান, সোমবার ভোরে রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী সদর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে মামলা হলেও কেউ গ্রেপ্তার এবং অটোরিকশাটি উদ্ধার হয়নি বলে ওসি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৫ ঘ.
bdnews24