২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দু'টি পৃথক মামলায় দু'জনের যাবজ্জীবন

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় স্ত্রী হত্যার দায়ে একজনের এবং সদর উপজেলায় প্রতারণা ও ধর্ষণের দায়ে অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 01:45 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঝিনাইদহ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের মহেশপুর উপজেলায় স্ত্রী হত্যার দায়ে একজনের এবং সদর উপজেলায় প্রতারণা ও ধর্ষণের দায়ে অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মহেশপুর উপজেলার সামন্ত গ্রামের শহর আলী ওরফে ফকির মণ্ডলকে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালের বিচারক রোকেয়া বেগম সোমবার এ রায় দেন। ২০০১ সালের ২১ নভেম্বর রাত ৩টার দিকে আসামি শহর আলী তার স্ত্রী মমতাজ বেগমকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন। এ দৃশ্য তার ছেলে ও মেয়ে দেখে ফেলে। পরদিন ছেলে আব্দুল কুদ্দুস মহেশপুর থানায় একটি মামলা করে। তদন্ত শেষে পুলিশ শহর আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এ মামলায় বিচারক ১০ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। শহর আলী এখন কারাগারে আটক আছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী সরকারি আইনজীবী (এপিপি) তুষার কান্তি রায় এবং আসামিপক্ষে ছিলেন আব্দুল হক। প্রতারণামূলক বিয়ে ও ধর্ষণের দায়ে একই আদালত সুব্রত সাহা নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এছাড়া তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সুব্রত সাহা শহরের পার্ক পাড়ার শংকর সাহার ছেলে। শহরের হামদহ এলাকার ধীরেন্দ্রনাথ বিশ্বাসের মেয়ে সংগীতা বিশ্বাসকে ২০০৩ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন সুব্রত সাহা। কিন্তু পরদিন সে এ বিয়ে অস্বীকার করে। এ ঘটনায় সংগীতার মা প্রতিমা বিশ্বাস সুব্রত সাহার বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন বিশেষ সরকারি আইনজীবী (পিপি) আবু তালেব এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আজিজুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৩৮ ঘ.