মৌলভীবাজার, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে আগুন লাগার ঘটনায় পাওয়ার কারের চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার সিলেট রেলওয়ের জ্যেষ্ঠ উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানান।
গত বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গলে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
তাৎক্ষণিকভাবে রেলওয়ের প্রকৌশলীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে গিয়ে ও লাফিয়ে পড়ে কমপক্ষে ৪০ যাত্রী আহত হন।
মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিক তদন্তে কর্তব্যে অবহেলা ও গাফিলতির প্রমাণ পাওয়ায় বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী (ঢাকা) গাউস আল- মনিরের নির্দেশে পাওয়ার কারের চালক মো. আব্বাস উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।"
তিনি জানান, ট্রেনে আগুন লাগার ঘটনা তদন্তে গাউস আল-মনিরকে প্রধান করে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন বিভাগীয় প্রকৌশলী (ঢাকা) মৃনাল কান্তি বণিক।
সোমবার থেকে কমিটি তদন্ত কাজ শুরু করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৮৫৭ ঘ.
bdnews24